ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢিলেঢালা নজরদারির অভিযোগ উঠেছে। এতে ভাইরাসটির সংক্রমণ ঘটেছে, এমন দেশ থেকে আসা লোকজন নজরদারির বাইরে থেকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল রোববার টার্কিশ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজে আসা দুজন যাত্রী প্রথম আলোকে জানান, বিমানবন্দরে ইবোলার সংক্রমণ ঠেকাতে কোনো প্রস্তুতি তাঁদের চোখে পড়েনি। এর মধ্যে টার্কিশ এয়ারওয়েজে আসা যাত্রীটি বলেন, আফ্রিকার বংশোদ্ভূত কমপক্ষে চারজন তাঁর সহযাত্রী ছিলেন। এঁদের কাউকেই তিনি কোনো নজরদারির মধ্যে আসতে দেখেননি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্রও নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছে, বিমানবন্দরে নজরদারির জন্য পরিবেশ যথেষ্ট অনুকূল নয়।
ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার গত ১০ আগস্ট তিন মাসের সতর্কাবস্থা জারি করে। সিদ্ধান্ত হয়, আন্তর্জাতিক বন্দরগুলোতে মেডিকেল টিম থাকবে। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিরা থাকবেন। স্বাস্থ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি কেন্দ্রীয়ভাবে তাঁদের কাজ সমন্বয় ও তদারকি করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১০ অক্টোবর পর্যন্ত ইবোলা ভাইরাসের সংক্রমণে চার হাজার ২৪ জন মারা গেছেন। এটি একটি প্রাণঘাতী রোগ। ৯০ ভাগ ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি প্রাণ হারান।
তবে মাঠপর্যায় থেকে উচ্চপর্যায়ে ভাইরাসের সংক্রমণ ঠেকানোর শতভাগ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান। তিনি বলেন, রোগ নির্ণয় হলে সুচিকিৎসার সব বন্দোবস্ত রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছে, ইবোলা ভাইরাসের সংক্রমণ হয়েছে পশ্চিম আফ্রিকার এমন তিনটি দেশ গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওন থেকে যাঁরা আসছেন, তাঁদের জন্য ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা অভিবাসন ডেস্ক খোলা হয়েছে। কিন্তু সেখানে সবাইকে পাঠানো হচ্ছে এ কথা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পাশাপাশি বিদেশফেরত মানুষকে যথেষ্ট তথ্যও দেওয়া যাচ্ছে না। একটি ব্যানার টানানো হয়েছে, সেটিও দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ যেভাবে বলছে, সেভাবেই কাজ করতে হচ্ছে। এয়ারলাইনস অ্যাসোসিয়েশন আগেভাগে যাত্রীদের তালিকা পাঠাচ্ছে, কিন্তু তাঁরা তৃতীয় কোনো দেশ ঘুরে আসছেন কি না, সে তথ্য পাওয়া যাচ্ছে না।
ওই কর্মকর্তা আরও বলেন, হজে যাওয়ার আগে সবাইকে ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইিটসের টিকা নিতে হয়। সে সময়ই হািজদের হাতে মার্স করোনা ভাইরাসবিষয়ক একটি প্রচারপত্র দেওয়া হয়েছে। ফেরার সময়ও তাঁদের হাতে একটা প্রচারপত্র দেওয়ার কথা। এক লাখ প্রচারপত্র ছাপা হয়েছে। কিন্তু তা হািজদের মধ্যে বিলি করা হচ্ছে না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, উপসর্গ না থাকলেও পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আসা লোকজনকে পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি। কারণ, দেহে ভাইরাস প্রবেশ করার ২১ দিন পরও উপসর্গ দেখা দিতে পারে। সে ক্ষেত্রে প্রতিটি যাত্রী গত তিন সপ্তাহে কোথায় কোথায় ভ্রমণ করেছেন, সে তথ্য থাকা দরকার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার দায়িত্বে থাকা আজাদ জহিরুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যখন যে সহযোগিতা চাইছে, তখনই তা দেওয়া হচ্ছে। অসহযোগিতার অভিযোগ অসত্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্রমণ ও পরিবহনে ঝুঁকি মূল্যায়ন (ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট রিস্ক অ্যাসেসমেন্ট) প্রকাশ করেছে। এতে বলা হয়, ইবোলা ভাইরাসের সংস্পর্শে এসেছেন বা কোনো উপসর্গ দেখা দিয়েছে, এমন কেউ আকাশ, স্থল ও নৌপথে যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে ভ্রমণ করতে পারেন। তাঁকে গন্তব্যে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যদিও এসব ক্ষেত্রে সহযাত্রীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা কম, তাঁদের নিয়মিত দেখভালের মধ্যে রাখতে হবে।
বিমানবন্দরে ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢিলেঢালা প্রস্তুতির অভিযোগের মধ্যেই গতকাল স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এক সংবাদ সম্মেলনে দাবি করেন সরকার সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। তবে সংবাদ সম্মেলন শেষে তিনি প্রথম আলোকে বলেন, তিন মাসের সতর্কাবস্থা জারি ছিল। ৯০ দিন পার হয়ে গেছে। এখন স্পেন ও যুক্তরাষ্ট্রে ইবোলা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ায় নতুন করে সচিবের নেতৃত্বে একটি দল কাজ করবে। আরও কয়েক মাস নজরদারি থাকবে।
উল্লেখ্য, ইবোলা ভাইরাসে আক্রান্ত স্পেনের একজন নাগরিক সুস্থ হয়ে উঠলেও মারা গেছেন মার্কিন স্বাস্থ্যকর্মী। গতকাল টেক্সাসের একটি হাসপাতালে তিনি মারা যান। ওই ব্যক্তি থমাস ডানকান নামের এক ব্যক্তির শুশ্রূষা করছিলেন। থমাস ডানকান মনোরোভিয়া থেকে ব্রাসেলস হয়ে ডালাসে পৌঁছান গত ৩০ সেপ্টেম্বর।