ঢুকছে পানি, ভাঙছে হাওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে কিশোরগঞ্জের হাওরের ঘরবাড়ি, সড়ক ও বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহের প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে মিঠামইন-ইসলামপুর বেড়িবাঁধের দুই স্থানে ফাটল দেখা দিয়েছে ও ব্লক ধসে পড়েছে। এ ছাড়া ইটনা-মিঠামইনের মধ্যে অবস্থিত ৩৫ কিলোমিটার দীর্ঘ বিজয় বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিঠামইনের মহিষেরকান্দি গ্রামের অন্তত ২০টি পরিবার বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছে। ঘাগড়া পুরাতন বাজারের উপস্বাস্থ্য কেন্দ্রের নিচের মাটি সরে গিয়ে কেন্দ্রটি হুমকির মুখে পড়েছে। কাটখাল বাজারেও ভাঙন শুরু হয়েছে। এদিকে অষ্টগ্রাম-ইকুরদিয়া রাস্তার দক্ষিণ পাশের ডুবোসড়কটি (সাবমার্সিবল রোড) ভেঙে গেছে। ঘাগড়া ডুবোসড়কের পিংগাতিয়া খালে ১৭ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সেতু দক্ষিণ পাশে দেবে গেছে।মিঠামইনের মালিউন্দ বাজার, কাঞ্চনপুর বাজার, ঘাগড়া বাজার সম্প্রসারণের জন্য নির্মাণাধীন দেয়াল পানিতে তলিয়ে গেছে। ঢেউয়ের আঘাতে উত্তর ও দক্ষিণ পাশের বালি সরে গিয়ে গর্তের সৃষ্টি হচ্ছে। বালুর বস্তা দিয়ে বাজার রক্ষার কাজ চলছে। বাজারটি হুমকির মুখে রয়েছে উল্লেখ করে ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়্যারম্যান বোরহান উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়দের উদ্যোগে ১০ লাখ টাকায় বাজার রক্ষা দেয়ালের কাজ হাতে নেওয়া হয়েছে। বাজারে প্রতিরক্ষা দেয়াল না থাকায় দুই শতাধিক ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিরক্ষা দেয়ালে স্থানে স্থানে ফাটল ধরেছে। বিগত বছরের বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবার এ বছরের ভাঙনের তাণ্ডবে মানুষ দিশেহারা।মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহান জানান, নদীভাঙনের শিকার গ্রামগুলোর পাশে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে নতুন করে বসতি স্থাপন করতে হবে। তাঁর নিজ গ্রাম মহিষেরকান্দিতে অন্তত ২৫টি পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান জানান, কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। সার্বিক পরিস্থিতির ওপর প্রশাসনের নজর রয়েছে।