ঢুকতেই পারেনি বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্টরা
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আট ও ১৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ভোট কেন্দ্রে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালে ও অন্যান্য কাউন্সিলরের এজেন্টরা ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকালে ওই দুই ওয়ার্ডের অন্তত আটটি ভোটকেন্দ্র ঘুরে এজেন্টদের ঢুকতে না দেওয়ার এমন অভিযোগ পাওয়া গেছে।
মিরপুরের দুই নম্বর সেকশন মিরপুর বিশ্ব বিশ্ববিদ্যালয় কলেজের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সকালে ভোট শুরু হওয়ার আগেই বিএনপিসহ অন্যান্য মেয়র-কাউন্সিলর প্রার্থীদের এজেন্টরা কেউ নেই। নাম প্রকাশ না করে কয়েকজন এজেন্ট জানান, কলেজ শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা বিএনপিপন্থী প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কেবল একটি মাত্র বুথে এজেন্ট রয়েছে।
ওই কেন্দ্রে ভোট দিতে আসা শাহীনা আক্তার নামের এক ভোটার অভিযোগ করেন, তাঁর ব্যালট পেপারে কোনো স্বাক্ষর বা সই কোনোটাই নেওয়া হয়নি। ব্যাপারটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টিগোচর করলে বলেন, ভুল হয়েছে। ঠিক এমনই অভিযোগ করেছেন ওই কেন্দ্রে ভোট দিতে আসা রিয়াজুল হক নামের আরেক ভোটার।
ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই-তিনজন ব্যক্তি নিজেদের এজেন্ট হিসেবে দাবি করছেন। কিন্তু কার এজেন্ট—জানতে চাইলে তা বলতে পারেননি। পরে গলায় ঝোলানো পরিচয়পত্র দেখে বলেন তিনি আনিসুল হকের এজেন্ট।
ওই ভোট কেন্দ্রে কথা হয় ইতি আক্তার নামের আরেক এজেন্ট। তিনি কার এজেন্ট জানতে চাইলে, প্রথমে বলতে পারেননি। পরে নিজের গলায় ঝোলানো পরিচয়পত্র দেখে বলেন, সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী শামীম আরা রাগীবের এজেন্ট।
অভিযোগের ব্যাপারে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগ করেনি। তাই তিনি কিছু জানেন না।’
মিরপুর এক নম্বর ডি ব্লকের আট নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী কাজী টিপু সুলতানের সমর্থক প্রায় ১০০ জন লোক বেলা ১১টার দিকে মিরপুর উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে আধা ঘণ্টা ধরে ব্যালটে সিল মেরে বাক্সে পুরেছে। ওই ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হাজী কাসেম মোল্লা। এ ঘটনার পর সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপশহর সরকারি বিদ্যালয়ের দুই ভোটকেন্দ্রের একটির প্রিসাইডিং কর্মকর্তা আওলাদ হোসেন ও এমদাদুল হক দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কেউ ব্যালট ছিনিয়ে নিতে পারেননি।
সরেজমিনে মিরপুর বিশ্ববিদ্যালয়ে কলেজে ও উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুব কম।
ওই ওয়ার্ডের মনিকানন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে বেলা ১১টার দিকে কাউন্সিলর প্রার্থী টিপু সুলতান ও হাজী কাসেম মোল্লার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এনায়েত কবির বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরের পরিস্থিতি খারাপ।’
১৪ নম্বর ওয়ার্ডের হাজী আশরাফ আলী হাই উচ্চ বিদ্যালয়ে রয়েছে আটটি ভোটকেন্দ্র। সেখানের ভোটারদের অভিযোগ, সিরিয়াল খুঁজে পেতে সেখানকার কর্মকর্তারা কোনো সহযোগিতা করছেন না।