ঢুডু সরেনের স্ত্রীর ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুরের নবাবগঞ্জে নিহত আদিবাসী ঢুডু সরেনের স্ত্রী ফুলমনি মার্ডির ওপর হামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উপজেলার কয়েক শ আদিবাসী গতকাল সোমবার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছেন।
সমাবেশে আদিবাসী নেতারা তিন দিনের মধ্যে হামলাকারী সবুজ মিয়াকে গ্রেপ্তার করে আইনের আওতায় না-আনা হলে আগামী বৃহস্পতিবার নবাবগঞ্জ থানা ঘেরাওয়ের ডাক দেন।
জমি নিয়ে বিরোধের জের ধরে চলতি বছরের ২ আগস্ট দুর্বৃত্তদের হামলায় ঢুডু সরেন নিহত হন। এই হত্যা মামলার প্রধান আসামি আবদুল গফ্ফারের কৃষিশ্রমিক সবুজ মিয়া গতকাল সকালে উপজেলার কুশদহ ইউনিয়নের হিলিরডাঙ্গা বাজারে ফুলমনি মার্ডিকে প্রকাশ্যে কিল, ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ফুলমনি মার্ডি জানান, বাড়ি থেকে হিলিরডাঙ্গা বাজারে আসা যাওয়ার পথে বেশ কিছুদিন ধরে সবুজ মিয়া তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। একই সঙ্গে ঢুডু সরেনকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করতেন। গতকাল সকালে বাড়ি থেকে হিলিরডাঙ্গা বাজারে যাওয়ার পথে সবুজ মিয়া তাঁকে কটূক্তি করতে থাকেন। একপর্যায়ে সবুজ মিয়া ঝগড়া বাধিয়ে বাজারের মধ্যে তাঁকে লাঞ্ছিত করেন।
প্রত্যক্ষদর্শী বাজারের চায়ের দোকানদার নয়া মিয়া (৫০), টেম্পোচালক এনামুল হকসহ (৩২) পাঁচ-ছয়জন জানান, সবুজ মিয়া ঝগড়ার একপর্যায়ে ফুলমনির চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দিয়ে কিল, ঘুষি ও লাথি মারেন। বাজারের লোকজন এগিয়ে এলে সবুজ পালিয়ে যান।
আদিবাসী নেতা শ্যামল মার্ডি জানান, এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসীরা ঢুডু সরেনের বাড়ি ডারকামারিতে জড়ো হতে থাকেন। বিকেলে ঘটনার প্রতিবাদে ও সবুজ মিয়াকে গ্রেপ্তারের দাবিতে কয়েক শ আদিবাসী ঢুডু সরেনের বাড়ির সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে আদিবাসীরা বিক্ষোভ মিছিল করে হিলিরডাঙ্গা বাজারে যান। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলটি আফতাবগঞ্জ বাজারে গিয়ে সেখানেও বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে আদিবাসী নেতা জুলিয়ান মার্ডি বলেন, এ দেশে আদিবাসী হত্যা-নির্যাতনের কোনো বিচার হয় না। এ কারণেই দিন দিন আদিবাসী হত্যা ও নির্যাতন বেড়েই চলেছে। ইলিয়াস সরেন বলেন, হত্যা মামলার আটজন আসামির মধ্যে একজন আসামি আবদুল গোফ্ফারকে ৪ সেপ্টেম্বর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু এখন পর্যন্ত আবদুল গোফ্ফারকে রিমান্ডে নেওয়া হয়নি। নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান আদিবাসী নারীর ওপর হামলার ঘটনার নিন্দা জানান এবং ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এ হামলার ঘটনা প্রমাণ করে দেশে এখনো সাম্প্রদায়িকতার বীজ রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি।