ঢুডু সরেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী ঢুডু সরেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে গত শনিবার বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। নবাবগঞ্জ সান্তাল স্টুডেন্টস ফেডারেশন এর আয়োজন করে।
আদিবাসী দিবস উপলক্ষে সিসিডিবি, ব্র্যাক, পল্লীশ্রীসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক আদিবাসী কর্মসূচিতে অংশ নেন। তাঁরা ২ আগস্ট ভূমিদস্যুদের হাতে নিহত ঢুডু সরেনের হত্যাকারীদের বিচারের দাবিতে ব্যানার-ফেস্টুন সহকারে শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে সহস্রাধিক আদিবাসী উপজেলা পরিষদের সামানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে সমাজকর্মী সন্তোষ লাকড়ার সঞ্চালনায় আদিবাসী নেতা শ্যামল মার্ডির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী।
আলোচনা সভায় বক্তারা জানান, আদিবাসী অধ্যুষিত এ উপজেলার বেশির ভাগ জমির মালিক ছিলেন আদিবাসীরা। ভূমিদস্যুরা নবাবগঞ্জকে আদিবাসীশূন্য করার পরিকল্পনা করছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি অবিলম্বে ঢুডু সরেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা।