ঢেঁকিতে চালের গুঁড়া তৈরির ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির গরু অথবা খাসির মাংসের ঝোলের সঙ্গে চালের গুঁড়া দিয়ে বানানো রুটি অথবা চিতই পিঠা খাওয়ার প্রচলন রয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে। তাই ঈদ সামনে রেখে রায়গঞ্জের বিভিন্ন গ্রামে ঢেঁকিতে চালের গুঁড়া তৈরির ধুম পড়েছে।
গতকাল সোমবার উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া ও লাহোর এবং রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গুচ্ছগ্রাম ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মেশিনের চেয়ে ঢেঁকিতে করা চালের গুঁড়ার রুটি মাংসের ঝোল দিয়ে খেতে বেশি সুস্বাদু। এ কারণে প্রায় সবাই ঢেঁকিতে চাল গুঁড়া করতে চান। তাই কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন বাড়ির ঢেঁকিগুলো ব্যস্ত।
ঝাপড়া গ্রামের আবদুল মালেক সরকার বলেন, বাড়িতে অনেক আগে থেকেই কোরবানির ঈদে মাংস-রুটি খাওয়ার নিয়ম চলে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও বাড়ির বউ-ঝিয়েরা ঢেঁকিতে চালের গুঁড়া তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। আগে বাড়ি বাড়ি ঢেঁকি ছিল বলে বিষয়টি টের পাওয়া যেত না। ধানগড়া এলাকার বাসিন্দা আসাদুল আলম বলেন, বিভিন্ন কারণে দিনে দিনে ঢেঁকির ব্যবহার কমে গেছে। কিন্তু কোরবানির মাংসের ঝোল দিয়ে রুটি খাওয়ার জন্য প্রায় সবাই চালের গুঁড়া তৈরি করেন।
ধানগড়া গুচ্ছগ্রামের মাহফুজা বেগম বলেন, ‘ঢেঁকিতে করা চালের গুঁড়া দিয়ে তৈরি রুটির স্বাদই আলাদা। এখন আর আগের মতো সবার বাড়িতে ঢেঁকি দেখা যায় না। তাই আমাদের মতো যাঁদের বাড়িতে ঢেঁকি আছে, তাঁদের কদর বেড়ে যায়। এ জন্য এখন ঢেঁকিওয়ালারা টাকার বিনিময়ে গুঁড়া তৈরি করে দেন।’ প্রতি কেজি চাল গুঁড়া করতে ১০ থেকে ১২ টাকা মজুরি নেওয়া হয় বলে তিনি জানান। গৃহবধূ জাহানারা বেগম বলেন, ঢেঁকির পাশাপাশি অনেকেই এখন মেশিনেও চাল গুঁড়া করেন। প্রতি কেজি চাল মেশিনে গুঁড়া করতে ছয় টাকা লাগে বলে তিনি জানান।
এলাকার প্রবীণ নূরভানু বেগম বলেন, ‘আধুনিকতার নামে আমাদের ঐতিহ্যের অনেক কিছু হারিয়ে যাচ্ছে। আগে কোরবানির ঈদের আগমুহূর্তে বাড়ি বাড়ি ঢেঁকিতে চালের গুঁড়া তৈরি করার ধুম পড়ে যেত। এখন দু-একটি বাড়িতে ঢেঁকিতে চালের গুঁড়া করা হয়। ঝামেলা এড়াতে এখনকার বউ-ঝিয়েরা মেশিনে চালের গুঁড়া তৈরি করেন।’