ঢেউটিনের বিকল্প জুটিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখতে ঢেউটিনের মতো। পাটের সঙ্গে পলিমারের মিশ্রণ দিয়ে এটি তৈরি। এতে মরিচা ধরে না। ক্ষতিগ্রস্ত হয় না লবণাক্ত পানিতেও। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিসা নেই এতে। এটি তৈরি করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোবারক আহমদ খান। পাট বা জুট থেকে তৈরি বলে তিনি এর নাম দিয়েছেন ‘জুটিন’। মোবারক আহমদ খান প্রথম আলোকে বলেন, জুটিন নির্মাণে কোনো ধাতব পদার্থ ব্যবহার করা হয় না। ঝড় বা জলোচ্ছ্বাসে ঢেউটিনের আঘাতে মানুষ ও পশু আঘাতপ্রাপ্ত হয়, সেই দিক বিবেচনায় জুটিন কম বিপজ্জনক। তিনি বলেন, জুটিন তৈরিতে ৩৩-৪০ ভাগ পাট ব্যবহার করা হয়। ঢেউটিনের চেয়ে জুটিন মজবুত, দৃঢ়, তাপ বিকিরণরোধী। পরমাণু শক্তি গবেষণাপ্রতিষ্ঠান আরেক পরীক্ষার ভিত্তিতে মোবারক আহমদ খান বলেন, জুটিন ৫০ বছরের অধিক সময় পর্যন্ত টেকসই হবে। তিনি জানান, বাজারে প্রচলিত ঢেউটিনগুলোর প্রতি বর্গফুটের দাম ৪৫ থেকে ৮০ টাকা। একই স্থায়িত্ব ও দৃঢ়তাসম্পন্ন জুটিন তৈরি করা যায় প্রতি বর্গফুট ৩০-৩৫ টাকায়।পরমাণু শক্তি গবেষণাপ্রতিষ্ঠানের মহাপরিচালক মো. আলী জুলকার নাইন বলেন, জুটিন তৈরির ফলে গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে। এটির বাণিজ্যিকীকরণের সরকারকে পদক্ষেপ নিতে হবে।গোড়ার কথা: মোবারক আহমদ ২০০৯ সালের মার্চে সেমিনারের মাধ্যমে জুটিন তৈরির ঘোষণা দেন। গত দুই বছরে একই প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে তিনি মোটরসাইকেল আরোহীর নিরাপত্তার জন্য প্রচলিত হেলমেটের চেয়ে মজবুত হেলমেট, স্বাস্থ্যসম্মত শৌচাগারের রিং ও স্লাব, চেয়ার, টেবিল, টাইলসসহ নানা পণ্য তৈরি করেছেন। যেভাবে তৈরি হয়: শহর কিংবা গ্রামে বাড়ির আঙিনা বা উঠানে নারী-পুরুষেরা সহজেই জুটিন তৈরি করতে পারবেন। জুটিন বানাতে প্রথমে একটি ঢেউটিনের ওপর পলিথিন বা মোম অথবা তেলের প্রলেপ দিতে হয়। এর ওপর ঢেউটিনের সমান মাপের পাটের চট বিছিয়ে তার ওপর পলিমারের মিশ্রণ লেপে দেওয়া হয়। পলিমারের মিশ্রণের ওপর আরেকটি চট বিছিয়ে তার ওপর আবারও পলিমারের মিশ্রণ লেপে দিতে হয়। পলিমারমিশ্রিত ওই চটটির ওপরে আরেকটি ঢেউটিন চাপ দিয়ে রাখতে হয়। ২০ মিনিট পর ঢেউটিন ও পলিথিন সরিয়ে ফেললে পাওয়া যাবে জুটিন। তবে তাপমাত্রা পরিবর্তনের মাধ্যমে চার-পাঁচ মিনিটের মধ্যেও এটি করা সম্ভব।গুণগত মান: পরমাণু শক্তি গবেষণাপ্রতিষ্ঠানের পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণিত হয়েছে, পাট তাপ কুপরিবাহী হওয়ায় জুটিন দিয়ে নির্মিত ঘর গ্রীষ্মকালে শীতল থাকে। শীতকালে টিনের সঙ্গে জলীয় বাষ্প তরলীভূত হয়ে জলকণায় রূপ নেয়, কিন্তু জুটিনে তেমনটি হয় না। বর্তমান অবস্থা: বর্তমানে ঢাকার আশুলিয়ার গণকবাড়ীতে পরমাণু শক্তি গবেষণাপ্রতিষ্ঠানে কায়িক প্রক্রিয়ায় জুটিন তৈরি করা হচ্ছে। পরমাণু শক্তি গবেষণাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কিছু কাজে এটি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফের সঙ্গে চুক্তির মাধ্যমে শুধু গণশৌচাগার নির্মাণের জন্য জুটিনের তৈরি কিছু মালামাল সরবরাহ করা হচ্ছে।