ঢেউয়ের সঙ্গে ভেসে এল নারী ও শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে গতকাল শুক্রবার বিকেলে আরও দুই রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একটি শিশু, অন্যজন নারী। এ নিয়ে গত ১১ দিনে মোট ৯৩ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫০টি শিশু। গত ২৯ আগস্ট রাত থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনে নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ১৯টি নৌকা ডুবেছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে।

টেকনাফের হ্নীলার সিকদারপাড়ায় নাফ নদীর তীর থেকে এবং বাহারছড়ার শামলাপুর এলাকায় সাগরের সৈকতে গতকাল বিকেলে দুটি লাশ ভেসে আসে বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান। তিনি প্রথম আলোকে বলেন, লাশ দুটি রাতেই দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে গতকালও সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েক হাজার রোহিঙ্গা নৌকায় করে নাফ নদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফে ঢুকেছে। সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় রোহিঙ্গা নারী সখিনা খাতুন (৪৫) বলেন, বৃহস্পতিবার রাতে মিয়ানমারের নাইক্ষংদিয়া সীমান্ত দিয়ে তাঁরা ৩৭ জন নৌকায় নাফ নদী পাড়ি দিয়ে শাহপরীর দ্বীপে পৌঁছান। তিনি বলেন, যেখানে মাথা গোঁজার ঠাঁই হবে সেখানেই যাবেন। তাঁর পরিবারের সদস্য ১১ জন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, যেসব রোহিঙ্গা টেকনাফ শহরে ঢুকছে, তাদের জড়ো করে হোয়াইক্যং ইউনিয়নের পুটিবুনিয়ার একটি অস্থায়ী শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত ৯৭৫ রোহিঙ্গাকে আটকের পর আবার মিয়ানমারে ফেরত পাঠিয়েছেন তাঁরা।

বিজিবির পাশাপাশি কোস্টগার্ডও রোহিঙ্গাদের ঠেকাতে তৎপরতা চালাচ্ছে। কোস্টগার্ডের কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ বলেন, বৃহস্পতিবার রাত থেকে গতকাল ভোর ছয়টা পর্যন্ত আটটি নৌকায় ২৫৫ জন রোহিঙ্গা নাফ নদী দিয়ে টেকনাফে ঢোকার চেষ্টা করে। তাদের আটকের পর মানবিক সহায়তা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার নেটং পাহাড় থেকে নাফ নদীর পূর্ব দিকে মিয়ানমারের মংগদু শহরের পেরাংপুরু ও হাইমপাড়া গ্রামে আগুন জ্বলতে দেখা যায় বলে সীমান্ত এলাকার বাসিন্দারা জানান। এ সময় কৌতূহলী অনেক মানুষ নেটং পাহাড়ে উঠে ভিড় জমায়।