ঢেউয়ের সঙ্গে লাশ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
  • সাগরে দুটি নৌকা ডুবেছে গতকাল। সন্ধ্যা পর্যন্ত ১৭ লাশ উদ্ধার
  •  এ পর্যন্ত ডুবে মারা যাওয়া ৯১ জনের মধ্যে ৪৯টিই শিশু
  • ২ হাজার ৪০২ রোহিঙ্গাকে আটকের পর গতকাল ফেরত পাঠানো হয়
বাবা মমতাজ উল্লাহ কী করে বইবেন সন্তানের লাশ। দেড় বছর বয়সী যমজ দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে চেয়েছিলেন তিনি। গতকাল সকালে সাগরে নৌকাডুবিতে মারা গেছে তাঁর দুই ছেলে। বেলা ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সৈকত এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
বাবা মমতাজ উল্লাহ কী করে বইবেন সন্তানের লাশ। দেড় বছর বয়সী যমজ দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে চেয়েছিলেন তিনি। গতকাল সকালে সাগরে নৌকাডুবিতে মারা গেছে তাঁর দুই ছেলে। বেলা ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সৈকত এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দেওয়া রোহিঙ্গাদের জন্য দিনে দিনে বিভীষিকা হয়ে উঠেছে নাফ নদী ও বঙ্গোপসাগর। গতকাল বৃহস্পতিবার ভোরে ও সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় সাগরে দুটি নৌকা ডুবেছে। সন্ধ্যা পর্যন্ত নারী, শিশুসহ ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৯টি শিশু, ৬ জন নারী ও ২ জন যুবক রয়েছেন।

গত ২৯ আগস্ট রাত থেকে গতকাল (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ১০ দিনে নাফ নদী ও সাগরে রোহিঙ্গাবাহী ১৯টি নৌকা ডুবেছে। মারা গেছে ৯১ জন। এর মধ্যে টেকনাফ থেকেই ৮৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছড়া উখিয়ায় নাফ নদী থেকে উদ্ধার করা হয়েছে ৭টি লাশ। ৭ লাশের ৫টিতেই গুলির চিহ্ন ছিল। গতকাল পর্যন্ত উদ্ধার হওয়া ৮৮টি লাশের মধ্যে ৪৯টিই শিশু। নারী ২১ জন। অন্যরা পুরুষ।

গতকাল ডুবে যাওয়া একটি নৌকায় ছিলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার খোয়াই সং গ্রামের জেলে মমতাজ উল্লাহ। প্রাণে বাঁচতে স্ত্রী ও দুই জমজ সন্তানকে নিয়ে বুধবার রাতে দেশ ছাড়েন তিনি। স্বামী-স্ত্রী প্রাণে বেঁচে গেলেও দেড় বছর বয়সী তাঁদের দুই জমজ সন্তান মারা গেছে।

মমতাজ উল্লাহ বলেন, নাফ নদী পাড়ি দেওয়ার সময় প্রথমে কোস্টগার্ডের বাধার মুখে পড়েন তাঁরা। পরে মিয়ানমারের জলসীমার (নাফ নদীর এক পারে বাংলাদেশ, অন্য পারে মিয়ানমার। এই নদীতে দুই দেশেরই জলসীমা রয়েছে) নাইক্ষ্যংদিয়া এলাকায় কয়েক ঘণ্টা অবস্থান করে তাদের নৌকাটি। ১৫ শিশু, ১৫ নারী ও ৯ পুরুষসহ ৩৯ জন রোহিঙ্গা ছিল নৌকায়। মাঝি ছিলেন বাংলাদেশি।

মমতাজ বলেন, গতকাল সকালে কোস্টগার্ডের টহল দলটি অবস্থান পরিবর্তন করলে তাদের নৌকাটি পুনরায় যাত্রা শুরু করে। সাগরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া উপকূলের কাছাকাছি এসে সকাল সাড়ে আটটার দিকে নৌকাটি উল্টে ডুবে যায়। সাঁতরে স্ত্রীসহ তিনি কূলে উঠতে পারলেও জমজ দুই ছেলে মো. হাসান ও মো. হোসেন সাগরে ভেসে গেছে। বেলা ১১টার দিকে মাঝেরপাড়া সৈকতে ৩০ মিনিটের ব্যবধানে তাঁর দুই সন্তানের লাশ ভেসে ওঠে। তিনি বলেন, ২০১০ সালের আগস্ট মাসের শেষের দিকে নছিমা খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয়। ছয় বছর পর ২০১৬ সালের এপ্রিল মাসে জমজ সন্তান হয় তাঁদের।

মমতাজের মতোই আরেক রোহিঙ্গা রহিম উল্লাহ গতকাল দুপুরে শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া সাগর উপকূলে সৈকতে দুই বছরের মেয়ে খালেদা ও স্ত্রী আরেফা বেগমকে খুঁজে বেড়াচ্ছিলেন। তিনি বলেন, নৌকাডুবিতে স্ত্রী ও মেয়েকে এভাবে হারানোর চেয়ে দেশে মিয়ানমারের সেনাবাহিনীকে মোকাবিলা করা ভালো ছিল। তিনি বলেন, কিছুদিন আগে হঠাৎ করে গ্রামের লোকজনকে গণনা ও ছবি তোলার কথা বলে সেনাবাহিনী ৫৩ জন পুরুষকে ধরে নিয়ে যায়। এরপর ১৫-২০ লাখ টাকা (মিয়ানমারের মুদ্রায়) নিয়ে ১১ জনকে ছেড়ে দেয়। কিন্তু তাঁর বাবা খলিলুর রহমান, ছোট ভাই আবদুর রহমান, কেফায়েত উল্লাহসহ অন্যদের আটকে রাখে। ফেরত আসা লোকজনের কাছে শুনেছেন, যাঁরা টাকা দেননি তাঁদের গুলি করে হত্যার পর লাশ আগুনে পুড়িয়ে দিয়েছে। গ্রামের লোকজন নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসছে—এ খবর পেয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি বুধবার রাতে নৌকায় ওঠেন। নৌকাডুবির পর থেকে মেয়ে ও স্ত্রী নিখোঁজ রয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, রোহিঙ্গাবাহী ইঞ্জিনচালিত দুটি নৌকাডুবির পর টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ৪টি, টেকনাফ সদর এলাকা থেকে ১০টি ও বাহারছড়া উপকূল থেকে ৩টি লাশ স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় উদ্ধার করেন তাঁরা। ওই সব এলাকার ইউপি সদস্যদের মাধ্যমে লাশগুলো দাফন করা হবে বলে জানান তিনি।

এদিকে নাফ নদী পেরিয়ে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ঢোকার চেষ্টাকালে বুধবার রাত থেকে গতকাল সকাল সাতটা পর্যন্ত ২ হাজার ৪০২ রোহিঙ্গাকে আটক করে বিজিবি ও কোস্টগার্ড। আটক রোহিঙ্গাদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী বলে জানান কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়সাল বিন রশিদ।

আটক রোহিঙ্গাদের আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম।