ঢোকার আগে কর্মচারীদের করতে হয় তুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রলি থেকে রোগী নামানোর আগেই ট্রলিচালক রোগীর স্বজনকে বলছেন, মামা, এই দিকে শোনেন। কিছু দেন। রোগীর স্বজন জানতে চান, আপনারা এখানে কী করেন? ট্রলিচালক তাঁকে চোখ রাঙিয়ে বলেন, আমরা এখানে চাকরি করি। রোগীর স্বজন বলেন, তাহলে টাকা চাচ্ছেন কেন। উত্তরে ট্রলিচালক বলেন, আমরা এটা পেয়ে থাকি। এই কথার উত্তর না পেয়ে ভদ্রলোক পকেট থেকে ১০ টাকা বের করে দিলেন। খেপে গিয়ে ট্রলিচালক বলেন, ১০ টাকা তো ফকিরকে দিতে হয়। ভদ্রলোক বাড়তি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ট্রলিচালক তাঁকে এই বলে শাসিয়ে গেলেন, আমি আপনাকে চিনে রাখলাম, এবার রোগী নিয়ে আসেন। গত বুধবার বিকেলে নওগাঁ থেকে সড়ক দুর্ঘটনায় আহত আত্মীয়কে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে এই বিড়ম্বনায় পড়েন যুবক জাবেদ আলী। এভাবেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গেটম্যান, ট্রলিচালক ও লিফটচালককে সন্তুষ্ট করেই রোগী নিয়ে স্বজনদের ভেতরে ঢুকতে হয়। আইয়ুব আলী নামের ভুক্তভোগী একজন অভিভাবক বলেন, হাসপাতাল গেটে ছোট্ট একটা কাগজে পরিচালকের নম্বর পেয়ে গতকাল শুক্রবার তিনি হাসপাতালের পরিচালককে ফোন করেন। তিনি বলেন, পরিচালক তাঁর অভিযোগ শুনেছেন।এদিকে হাসপাতালে রোগী ভর্তি করার সময় বাধ্যতামূলক ৬৫ টাকা দিয়ে অভিভাবকদের দুটি পাস কিনতে হয়। এই পাস ছাড়া রোগীর অভিভাবকদের হাসপাতালের গেট পার হতে দেওয়া হয় না। নাম প্রকাশ না করে বেশ কয়েকজন অভিভাবক জানিয়েছেন, জরুরিভাবে ওষুধ নিয়ে ভেতরে ঢুকতে গিয়ে উপায় না পেয়ে তাঁরা গেটের লোকদের টাকা দিয়ে ভেতরে ঢুকছেন। গত বুধবার একজন মুমূর্ষু রোগীর জন্য জরুরি ওষুধ নিয়ে পাস ছাড়া ভেতরে ঢুকতে গেলে গেটের লোকেরা তাঁকে বাধা দেয়। একপর্যায়ে গেটের লোকেরা ওই অভিভাবককে মারধর করেন। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকী বলেন, বুধবার রোগীর অভিভাবককে মারধর করার ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের সহকারী পরিচালক, উপপরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরের দিন বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ছুটি। তাঁরা হয়তো আজ শনিবার শুনানি করবে। লিফট ও ট্রলিচালকের সম্মানী আদায়ের ব্যাপারে বলেন, এ ব্যাপারে তিনি অভিযোগ পেয়েছেন। তিনি বলেন, ট্রলি ও লিফটচালকেরা দৈনিক মজুরিভিত্তিতে কাজ করেন। অভিযোগ পাওয়া গেলে তাঁদের বাদ দেওয়া হবে। গেট পাসের ব্যাপারে বলেন, এটা বন্ধ করা যাবে না। এটা দিয়েই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বাড়তি কিছু খরচ দেওয়া হয়।