ঢোল বাজিয়ে বিশ্বরেকর্ড সুদর্শনের

টানা ২৭ ঘণ্টা ঢোল বাজিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পণ্ডিত সুদর্শন দাশ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর মধ্যে তাঁকে এ রেকর্ডের স্বীকৃতি দিয়েছে।
গিনেস বুকে নাম লেখানোর লক্ষ্যে গত ২০ ও ২১ জুন পূর্ব লন্ডনের ম্যানর পার্ক এলাকার শিভা মুনেতা সঙ্গম (ইউকে) মিলনায়তনে টানা ঢোল বাজান সুদর্শন। ঢোলে এটা গিনেস বুকে ওঠা প্রথম কোনো রেকর্ড।
তবলা বিশারদ সুদর্শন বলেন, ঢোলে রেকর্ড গড়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ কর্তৃপক্ষ তাঁকে টানা ২০ ঘণ্টা বাজানোর চ্যালেঞ্জ দিয়েছিল। তিনি ২৭ ঘণ্টা বাজিয়ে তারপর থামেন। ঢোল বাজানোর পুরো সময়ের বিরতিহীন ভিডিও চিত্র কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। যাচাই-বাছাই করে গত ১৮ জুলাই এক ই-মেইল বার্তায় রেকর্ডটি গ্রহণ করার কথা জানায় গিনেস বুক কর্তৃপক্ষ। গত সোমবার হাতে আসে গিনেস কর্তৃপক্ষের সনদ। সুদর্শনের নামটিও উঠে যায় গিনেস বুকের ওয়েবসাইটে।
এর আগে গিনেস বুকে নাম ওঠায় গত বছরের ২৭ নভেম্বর থেকে টানা ২৫ দিন তবলা বাজান যুক্তরাজ্যপ্রবাসী সুদর্শন। চ্যালেঞ্জ ছিল, হাতে বাদ্যযন্ত্র বাজানোর ৫০১ ঘণ্টার রেকর্ডটি ভেঙে নিজের দখলে নিয়ে আসা। ২৫ দিনে মোট ৫৫৭ ঘণ্টা বাজিয়েছেন বলে জানিয়ে সুদর্শন বলেন, তাঁর ওই রেকর্ডটি এখনো কর্তৃপক্ষের বিবেচনাধীন। তিনি বলেন, গত ১৫ ফেব্রুয়ারি মোট ৬০০ ঘণ্টার ভিডিও চিত্র গিনেস বুক কর্তৃপক্ষের কাছে পাঠান। এত দীর্ঘ সময়ের ভিডিও চিত্র নিরীক্ষা করতে সময় নিচ্ছে তারা। বলেন, ২৭ ঘণ্টার রেকর্ড যাচাই করতে তাঁরা তিন সপ্তাহ সময় নিয়েছে। সর্বোচ্চ সময় ধরে হাতে বাদ্যযন্ত্র বাজানোর রেকর্ডটিও স্বীকৃতি পাবে বলে তিনি আত্মবিশ্বাসী।

সুদর্শন দাশের পৈতৃক বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। অমূল্য রঞ্জন দাশ ও বুলবুল রানী দাশ দম্পতির সন্তান সুদর্শন চার বছর বয়স থেকেই চট্টগ্রামের আলাউদ্দিন ললিতকলা একাডেমিতে তবলায় তালিম নেওয়া শুরু করেন। ১৯৯২ সালে পড়তে যান ভারতের শান্তিনিকেতনে বিশ্বভারতীতে। সেখানে পণ্ডিত বিজন চ্যাটার্জির কাছ থেকে সংগীতে উচ্চতর প্রশিক্ষণ নেন। ১৯৯৮ সালে বিশ্বভারতী তাঁকে তবলাবিশারদ উপাধিতে ভূষিত করে।
এরপর যুক্তরাজ্যে পাড়ি জমানো সুদর্শন ২০০৪ সালে লন্ডনে ‘তবলা অ্যান্ড ঢোল’ একাডেমি প্রতিষ্ঠা করেন। এখানে বর্তমানে ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে। ২০০৮ সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক তবলা প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় পুরস্কার সিলভার মেডেল লাভ করেন। আইন বিষয়ে স্নাতকোত্তর সুদর্শন বর্তমানে নিউহাম এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ‘মিউজিক ইন্সপেক্টর’।
সুদর্শন বলেন, ‘ঢোল বাজান অনেকে। কিন্তু বিশ্বের মধ্যে সর্বোচ্চ সময় ধরে ঢোল বাজানো ব্যক্তি একমাত্র আমি।’ রেকর্ড গড়ার মধ্যে বিশেষ আনন্দ আছে বলে মনে করেন সুদর্শন। বলেন, শিগগিরই তিনি নতুন রেকর্ড গড়ার চ্যালেঞ্জে নামবেন। তবে সেটা কী—তা চমক হিসেবেই রাখতে চান।