ঢোলভাঙ্গা নদীর বেড়া উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঢোলভাঙ্গা নদীতে অবৈধভাবে মাছ শিকার করতে দেওয়া বাঁশের বেড়া উচ্ছেদ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় বাঞ্ছারামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল হোসেন সঙ্গে ছিলেন।
জানা গেছে, উপজেলার ঢোলভাঙ্গা নদীর খোষকান্দি এলাকায় ওই গ্রামের মোছলেম উদ্দিন, ওসমান মিয়া, বিল্লাল হোসেনসহ ১০-১২ জন বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে এক মাস ধরে মাছ শিকার করছিলেন। এতে মাছের প্রজনন হুমকির মুখে পড়ে। উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার বলেন, প্রথম আলো পত্রিকায় সচিত্র প্রতিবেদন দেখে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক সকালেই বেড়া উচ্ছেদ করতে নির্দেশ দেন। পরে তা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘ঢোলভাঙ্গা নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।