ঢ্যাঁড়সের কেজি দুই টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরের পাইকারী বাজারে ঢ্যাঁড়সের পাল্লা (পাঁচ কেজি) ১০ টাকায় বিক্রি হচ্ছে। তবুও ক্রেতা মিলছে না। অনেকে কম দামে এসব ঢ্যাঁড়স কিনে গরু-ছাগলকে খাওয়াচ্ছেন।
গতকাল শনিবার সৈয়দপুরের সবচেয়ে বড় কাঁচাবাজার নয়াবাজারে দেখা যায়, গ্রামের কৃষকদের কাছ থেকে ঢ্যাঁড়স প্রতি পাল্লা মাত্র ১০ টাকায় কিনছেন ক্রেতারা। উপজেলার কামারপুকুর ইউনিয়নের পূর্ব অসুরখাই থেকে প্রায় আট কিলোমিটার পাড়ি দিয়ে আবুল হোসেন নামে এক কৃষক সাড়ে ৩২ কেজি ঢ্যাঁড়স এনে পানির দরে বেঁচে আফসোস করছেন।
এ ছাড়া পাইকারি বাজারে শসা, বরবটি, পটল, করলা, কাকরোলসহ সব শাকসবজির দাম কম হওয়ায় কৃষকেরা লোকসানের মুখে পড়েছেন। বাজারে প্রতি কেজি শসা ১২, পটল ৪, কাকরোল ১৫ টাকা কেজি দরে পাইকাররা কিনছেন। রমজান মাস শুরু হওয়ায় এসব শাকসবজি খুব একটা বিক্রি হচ্ছে না বলে জানান আড়তদার আফতাব আলম।
এদিকে তরিতরকারির দাম পড়ে যাওয়ায় ঢ্যাঁড়স, পটল, বরবটি ইত্যাদি পাইকারি দরে কিনে অনেকেই গরু-ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার করছেন।
উপজেলার বোতলাগাড়ীর শ্বাসকান্দর, বড়দহ, দিলালপুর, কাশিরাম এবং খাতামধুপুর এলাকার কৃষকেরা লাভের আশায় শাকসবজির আবাদ করে লোকসানের মুখে পড়েছেন। বাজারে দাম না পাওয়ায় খেতের ফসল গরু-ছাগল লাগিয়ে খাইয়ে দিচ্ছেন। এ অবস্থায় পাইকাররা সস্তায় কিনে ট্রাকযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন বলে জানা গেছে।