ঢ্যাঁড়সের বাম্পার ফলন বাজারে দামও ভালো
আবহাওয়া অনুকূলে থাকায় পাবনার ঈশ্বরদীতে এ বছর ঢ্যাঁড়সের বাম্পার ফলন হয়েছে। একই সঙ্গে বাজারে দাম ভালো হওয়ায় কৃষকের মুখেও প্রশান্তির হাসি।উপজেলার মুলাডুলি গ্রামের চাষি রবিউল আলম জানান, ঢ্যাঁড়স চাষে এবার তাঁর বিঘাপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা লাভ হবে। চাষি ফেরদৌস জোয়ার্দ্দার জানান, এ বছর ভাইরাসের সংক্রমণ না ঘটায় ঢ্যাঁড়সের উৎপাদন ভালো হয়েছে। খরচ বাদ দিলে এবার তাঁদের ভালো লাভ থাকবে। ঢ্যাঁড়সচাষিরা জানান, গত বছর বিঘাপ্রতি সর্বোচ্চ ৭০ মণ হলেও এবার ১০০ মণ পর্যন্ত ঢ্যাঁড়স উৎপাদন হচ্ছে। মুলাডুলি সবজি আড়ত সমবায় সমিতির অর্থ সম্পাদক আমিনুর রহমান জানান, এই আড়ত থেকে প্রতিদিন সর্বোচ্চ ৮০ ট্রাক ঢ্যাঁড়স বাজারজাত করা হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। আড়তে পাইকারি ব্যবসায়ী রয়েছেন শতাধিক। এ ছাড়া প্রতিদিন এক হাজার ২০০ শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখানে কাজ করছেন। সমিতির সভাপতি আবদুল হামিদ জানান, তাঁদের নিজেদের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলায় এই আড়তে প্রতিদিন এক কোটি টাকার মতো বেচাকেনা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম জানান, চলতি মৌসুমে মুলাডুলি ইউনিয়নে ৪৪৫ হেক্টর জমিতে ঢ্যাঁড়সের আবাদ হয়েছে। এ বছর আবহাওয়া ভালো থাকায় ফলন খুবই ভালো হয়েছে। এ বছর কাঙ্ক্ষিত মূল্য পাওয়ায় কৃষকেরাও খুশি।