ণহত্যা, লুটের সঙ্গে জব্বারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় পার্টির নেতা ও সাবেক সাংসদ আবদুল জব্বারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। গতকাল সোমবার দুপুরে তদন্ত সংস্থার সদস্য জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলালউদ্দিন প্রথম আলোকে এ কথা জানান।

হেলালউদ্দিনের নেতৃত্বে সংস্থার দুই সদস্যের একটি তদন্ত দল মঠবাড়িয়ায় গণহত্যাস্থল ও যেসব গ্রামে অগ্নিসংযোগ করা হয়েছিল, গত রোববার ও গতকাল সেগুলো পরিদর্শন করে এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেয়। তদন্ত দল রোববার সূর্যমণি বধ্যভূমি এবং গতকাল ফুলঝুড়ি ও আমুরবুনিয়া গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগের স্থল পরিদর্শন করে। তারা প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেয়।

হেলালউদ্দিন বলেন, একাত্তরের ১৫ মে মঠবাড়িয়া থানা শান্তি কমিটির সভাপতি আবদুল জব্বার তুষখালী বাজারে জনসভা করেন। সেখানে ৪০০-৫০০ লোকের উপস্থিতিতে তিনি বলেন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, ন্যাপ ও হিন্দু সম্প্রদায়ের লোকজন পাকিস্তানের শত্রু। এদের ধ্বংস করে দিতে হবে। ওই সভায় তিনি শহীদ মুক্তিযোদ্ধা হাবিলদার রাজ্জাক বিশ্বাস ও শহীদ নায়েক মোতালেব শরিফকে আটকের নির্দেশ দেন। রাজ্জাক ও মোতালেবকে ধরতে ওই দিন রাজাকার কমান্ডার ইস্কান্দার আলী মৃধা ও পুলিশ ফুলঝুড়ি গ্রামে যায়। সেখানে সমঞ্চুখযুদ্ধে পাঁচ পুলিশ সদস্য মারা যান এবং মোতালেব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ও রাজ্জাক পরে বিনা চিকিৎসায় মারা যান। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে মঠবাড়িয়ায় সংঘটিত গণহত্যা, লুট ও অগ্নিসংযোগের ঘটনায় জব্বারের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, জব্বার ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির সাংসদ ছিলেন।