তওবা প্রধানমন্ত্রীর বেলায় প্রযোজ্য: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর এক বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তওবা প্রধানমন্ত্রীর বেলায়ই প্রযোজ্য।’ গতকাল রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। তিনি বলেন, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করার কৃতিত্ব প্রধানমন্ত্রীর আছে। জনগণ নয়, একটি দেশের সমর্থনে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান।
গত শনিবার এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে খালেদা জিয়াকে মানুষের কাছে নাকে খত দিয়ে তওবা করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ‘সাড়ে সাত শ ইঁদুর খেয়ে বিড়াল চলে তীর্থে’ এর মতো। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মুখ দিয়ে প্রতিদিন কুৎসা ও কদর্য কথা বের হচ্ছে। তিনি কোথা থেকে এসব শিখেছেন, আমরা জানি না। ছয় বছর তিনি দেশের বাইরে ছিলেন। সেখানে কোনো স্কুলে হয়তো তিনি এসব শিখেছেন।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, কমিশন বর্তমান অবৈধ সরকারের ‘টাইপিস্টের’ ভূমিকা পালন করছে। নির্বাহী বিভাগ থেকে যে হুকুমনামা জারি করা হয়, নির্বাচন কমিশন সেটি অক্ষরে অক্ষরে পালন করে।
পুলিশি হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনার সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি বলেন, নিম্ন আদালত থেকে আসামি ছাত্রলীগের কর্মীরা পালিয়ে গেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ছিনতাই করে নিয়ে গেছে।