তক্তারপুল সেতুর জন্য জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তক্তারপুল নামের একটি ছোট সেতুর নামেই চট্টগ্রাম নগরের দক্ষিণ ও পূর্ব বাকলিয়ার বিশাল একটি এলাকা পরিচিত। এক মাস ধরে সেতুটি ভেঙে যাওয়ায় স্থানীয় প্রায় ৫০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। পূর্ব বাকলিয়ার স্থানীয় দোকানি মো. ইকবাল বলেন, ‘সেতুটি দিয়ে আমরা দুই পাড়ে যোগাযোগ করি। সেতুটি ভেঙে যাওয়ায় এখন জরুরি প্রয়োজনে অনেক ঘুরে এদিকে আসতে হচ্ছে লোকজনকে।’
জানা গেছে, চাক্তাই খালের ওপর প্রাচীন এই সেতু প্রথমে তক্তা (কাঠ) দিয়ে নির্মিত হয়েছিল। এ কারণে এটি তক্তারপুল নামে পরিচিত। এই পুলের নামেই এলাকাটি পরিচিতি পায়। পরে তক্তারপুলটি বেইলি সেতুতে রূপান্তর করা হয়। গত ৬ ডিসেম্বর সেতুটি ভেঙে যায়। এ সময় সেতু পার হতে গিয়ে আহত হন স্থানীয় ছয়জন বাসিন্দা। এ সময় স্থানীয় কয়েকজন খেয়া পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করেন। প্রতিবার পার হওয়ার জন্য দুই টাকা করে নেওয়া হতো। এরপর করপোরেশনের উদ্যোগে একটি ভাসমান স্টিলের বয়া এনে চাক্তাই খালে দেওয়া হয়।
সেতুর দাবিতে ‘আমরা সচেতন বাকলিয়াবাসী’ নামে একটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে এলাকায়।
সংগঠনটির আহ্বায়ক মো. আবদুল মান্নান বলেন, ‘আমরা সেতুর দাবিতে সভা করেছি। পরে একটি বয়া এনে দেওয়া হয়। কিন্তু এতে করে সমস্যার সমাধান হয়নি।’
সরেজমিনে দেখা গেছে, ভাসমান বয়াটিতে কষ্ট করে লোকজন পার হতে পারলেও কোনো যানবাহন চলছে না। এলাকার বেশির ভাগই নিম্ন আয়ের লোকজনের বসবাস। রিকশা চালিয়ে, ফেরি করে তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ায় অনেক ঘুরে তাদের শহরের মূল অংশে যেতে হচ্ছে। জানতে চাইলে সিটি করপোরেশনের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ইয়াছিন চৌধুরী বলেন, ‘সেতুটি নড়বড়ে হওয়ায় ভেঙে গেছে। এতে করে মানুষ দুর্ভোগে পড়েছে। এখন পূর্ব বাকলিয়ার লোকদের অনেক দূর ঘুরে এদিকে আসতে হচ্ছে। পুনরায় সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।’