তক্ষক উদ্ধার, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত শুক্রবার রাতে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ সময় চার ব্যক্তি ও একটি প্রাইভেট কার আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন: মানিকগঞ্জের শিবালয় উপজেলার গড়ংগাইল গ্রামের আজিজুল (৩০), যশোরের শার্শা উপজেলার জামতলা গ্রামের কবির হোসেন (৩২), ফরিদপুরের মধুখালী উপজেলার ধোপাগাতি গ্রামের শামছু মিয়া (৩৭) ও ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকার মোসলেম (৩২)। তাঁদের নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, শুক্রবার বিকেলে আটক হওয়া ব্যক্তিরা ওই প্রাণীটিকে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার কাজল নামের এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ টাকায় কিনে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পূর্বধলা থানার পুলিশ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ইলাশপুর চৌরাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে তক্ষকটিকে উদ্ধার এবং প্রাইভেট কারসহ চারজনকে আটক করে। ছাই রঙের প্রাণীটি লম্বা ১৬ ইঞ্চি ও ওজন ৩২২ গ্রাম।আটক হওয়া ব্যক্তিরা জানান, ওই প্রাণীটিকে ঢাকায় নিয়ে ৪০ লাখ টাকায় বিক্রি করার কথা ছিল। তক্ষক দিয়ে ক্যানসার ও ডায়াবেটিস নিরাময়ের ওষুধ তৈরি করা হয় বলেও তাঁরা দাবি করেন।এ ব্যাপারে পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গুই সাপের বাচ্চাসদৃশ তক্ষক মূলত সরীসৃপ প্রাণী। এরা সাধারণত পাহাড়ি অঞ্চলে বসবাস করে। এদের দিয়ে ক্যানসার ও ডায়াবেটিস নিরাময়ের প্রতিষেধক তৈরির বিষয়টি অবান্তর।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, প্রাণীটিকে আদালতের মাধ্যমে ঢাকা চিড়িয়াখানায় পাঠানোর ব্যবস্থা চলছে।