তক্ষক নিয়ে রক্ষক যখন ভক্ষক
তক্ষক বিক্রি করলে মোটা টাকা মেলে—এই গুজবের কারণে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিপন্ন ও নিরীহ প্রাণীটি ব্যাপকভাবে শিকার করা শুরু হয়েছিল। বন্য প্রাণীর অবৈধ ব্যবসায় যুক্ত একটি চক্র তক্ষক কিনে পাচার করে বলে অভিযোগ রয়েছে। এবার খোদ পুলিশ বাহিনীর সদস্যের বিরুদ্ধে তক্ষক বিক্রির সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ উঠেছে।টঙ্গী থানার পুলিশ পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা ১০টি তক্ষক থানায় আটকে রেখে তা বিক্রির চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৭ ডিসেম্বর দুই পাচারকারীসহ প্রাণীগুলোকে আটক করা হয়। বিক্রির চেষ্টা ব্যর্থ হওয়ায় এক সপ্তাহ পর গতকাল মঙ্গলবার তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।বন্য প্রাণী আইন অনুযায়ী, পাচারকারীদের বিরুদ্ধে মামলা করে প্রাণীগুলো বন বিভাগের কাছে তুলে দেওয়ার কথা। কিন্তু টঙ্গী থানার পুলিশ পাচারকারীদের ছেড়ে দিয়ে তক্ষকগুলো থানায় রেখে দেয়।আটক হওয়া তক্ষকগুলো বিক্রির চেষ্টা হচ্ছে বলে স্থানীয়ভাবে জানাজানি হয়ে গেলে টঙ্গী থানার পুলিশ গতকাল এদের বন বিভাগের কাছে তুলে দেয়। কিন্তু ইতিমধ্যেই একটি তক্ষকের মৃত্যু হয়।স্থানীয় ও থানার একটি দায়িত্বশীল সূত্র বলেছে, টঙ্গী থানার পুলিশ তক্ষকগুলোসহ দুলাল মিয়া ও সিরাজুল ইসলাম নামের দুজনকে আটক করেন। আটকের পরদিন (গত বুধবার) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম থানার গাড়িচালক আনসারকে দিয়ে তক্ষকগুলো বিক্রি করতে পাঠান। কিন্তু বিক্রি করতে গিয়ে আনসার লোকজনের ধাওয়া খেয়ে ফিরে আসেন। এরপর ওসির নির্দেশে ছেড়ে দেওয়া পাচারকারী দুলালকে আবার থানায় এনে তাঁর কাছে এক লাখ টাকায় তক্ষকগুলো বিক্রি করে দেওয়া হয়। দুলাল এর মধ্যে ৪০ হাজার টাকা পরিশোধ করে প্রাণীগুলো নিয়ে যান।এর মধ্যে এলাকার সাংবাদিকদের মধ্যে ওসির কথিত ‘তক্ষক-বাণিজ্য’র খবর ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় ওসি রুহুল ইমাম গত রোববার তক্ষকগুলো পাচারকারী দুলালের কাছ থেকে ফেরত এনে বন বিভাগে খবর দেন। পুলিশ গতকাল সকালে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে সাতটি ‘তক্ষক’ হস্তান্তর করেছে।পাচারকারী দুলাল প্রথম আলোকে বলেন, ওসির কাছ থেকে ১০টি তক্ষক তিনি টাকা দিয়ে ছাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু ওসি তাঁর (দুলালের) উত্তরার আশকোনার বাসা থেকে রোববার তা আবার ধরে নিয়ে গেছেন।ওসি গাজী রুহুল ইমাম গতকাল প্রথম আলোর প্রশ্নের জবাবে দুলালের কাছে টাকা নেওয়ার কথা মিথ্যা বলে দাবি করেন। তিনি আরও বলেন, দু-তিন দিন আগে আটটি তক্ষক উদ্ধার করা হয় এবং সঙ্গে কাউকে আটক করা হয়নি। ওসি বলেন, দু-তিন দিন থানায় থাকায় আটটির মধ্যে একটি তক্ষক মারা গেছে।