তক্ষক পাচারকারী চক্রের তিন সদস্যের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে তক্ষক পাচারকারী চক্রের তিন সদস্যকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ রায় দেন। জানা যায়, মঙ্গলবার রাত পৌনে নয়টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি তক্ষক, ১৪ হাজার টাকাসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা হলেন: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চকগ্রামপুরের ফারুক হোসেন, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পূর্ব চম্বল এলাকার সরোজ আইচ ও দীঘিনালা উপজেলার কবছড়ি গ্রামের উদয় শংকর চাকমা। আটক উদয় শংকর চাকমা জানান, তিনি তক্ষকটি পাঁচ হাজার টাকায় কিনে খাগড়াছড়ি নিয়ে আসেন। পরে হোটেলে বসে পাচারকারী দলের সদস্যদের সঙ্গে দাম ঠিক করার সময় পুলিশ এসে তাঁদের ধরে ফেলে।