তক্ষকের সেই ছয়টি ছানা বনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চড়া দামে বিক্রির গুজবে আটক হওয়া বন্য প্রাণী তক্ষকের ছয়টি ছানাকে গতকাল শুক্রবার সকালে বনে ছেড়ে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ উদ্যোগ নেন।এলাকাবাসীর ভাষ্যমতে, সম্প্রতি কে বা কারা গুজব ছড়ায়, তক্ষকের রক্তরস দিয়ে বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয়। তাই ওই বন্য প্রাণীটি চড়া দামে বিক্রি হচ্ছে। এ গুজবে উপজেলার সাগরনাল ইউনিয়নের খাসকিত্তা গ্রামের দিনমজুর সুদাম রবিদাস (৪০) সপ্তাহ দু-এক আগে বনের বিভিন্ন গাছের খোঁড়লে থাকা তক্ষকের ছয়টি ছানা ধরে এনে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে একটি নাইলনের বস্তায় আটকে রাখেন। আশপাশের আরও কয়েকটি এলাকায় বন্য প্রাণীটি শিকারে লোকজনের তৎপরতা বেড়ে যায়।এ ঘটনায় গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘অবাধে তক্ষক শিকার’ শিরোনামে ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা ও জুড়ী-১ রেঞ্জের বন কর্মকর্তা আবদুস সাত্তার গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে খাসকিত্তা গ্রামে সুদামের বাড়িতে যান। তাঁরা তক্ষকের ছয়টি ছানা উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেন।