তজুমদ্দিন-মনপুরা নৌপথের সি-ট্রাক ২৬ দিন ধরে বিকল
ভোলার তজুমদ্দিন-মনপুরা নৌপথে চলাচলের একমাত্র নৌযান এস টি শেখ জামাল নামের সি-ট্রাকটি ২৬ দিন ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে মনপুরা উপজেলার এক লাখের বেশি মানুষ ঝুঁকি নিয়ে ট্রলারে করে নদী পাড় হচ্ছে।
মনপুরার বাসিন্দাদের কয়েকজন জানান, সি-ট্রাকটি প্রায়ই অচল হয়ে যায়। গত ২৭ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ২৬ দিন ধরে বিকল সি-ট্রাক সারাতে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়াসহ ভোলা-৪ আসনের সাংসদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলামকে বিষয়টি জানিয়েছেন। সি-ট্রাক বন্ধ হয়ে এখন তজুমদ্দিনঘাটে পড়ে আছে। সারাই করে চলবে কি না সেটা ইজারাদার বলতে পারবে বলে জানান সি-ট্রাকের মাস্টার আক্কাস। মনপুরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, চলতি বছর সব মিলিয়ে চার মাসও চলেনি ট্রাকটি।
ইজারাদার নুরুদ্দিন বলেন, সি-ট্রাকটি পুরোনো হওয়ায় এমন হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) বরিশাল বিভাগের সহকারী মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বলেন, বিকল সি-ট্রাকটি ডকে পাঠিয়ে আরেকটি স্থাপন করা হবে।