তজুমদ্দিনে চার জেলে গুলিবিদ্ধ, নিখোঁজ ২
ভোলার তজুমদ্দিন উপজেলায় জেলেদের ওপর হামলা চালিয়েছে জলদস্যুরা। দস্যুদের গুলিতে চার জেলে আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন গুলিবিদ্ধ অবস্থায় পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন। অপর দুজনকে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মহেশখালী মাছঘাটের পূর্ব দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার তজুমদ্দিন থানার পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলা করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জেলে আরিফুল ইসলাম ও রাকিবুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় তাঁরা সাতজন উপজেলার মহেশখালী মাছঘাট থেকে পূর্ব দিকে মেঘনা নদীতে জাল পেতে অপেক্ষা করছিলেন। এ সময় জলদস্যুদের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। তখন দস্যুরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে নৌকার মাঝি হারুন (২৬) ও জেলে নুরনবী (২১) নদীতে পড়ে যান। একপর্যায়ে নদীতে অবস্থানরত অন্য জেলেরা এগিয়ে এলে জলদস্যুরা পালিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে তজুমদ্দিন থানার উপপরিদর্শক আবদুস সাত্তার বলেন, ‘আমরা মেঘনায় জলদস্যুতা বন্ধে এবং আসামিদের ধরতে নিয়মিত টহল দিচ্ছি।’