তজুমদ্দিনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলা সদরে বিএনপির দুই পক্ষের মধ্যে গতকাল বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এর এক পক্ষে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান এবং অন্য পক্ষে বর্তমান কমিটির আহ্বায়ক মহিবুল্যাহ মিয়া নেতৃত্ব দেন।মোস্তাফিজুর রহমানের পক্ষ বর্তমান আহ্বায়ক কমিটিকে অগণতান্ত্রিক, ঘরোয়া ও অগঠনতান্ত্রিক দাবি করে প্রতিদিনই বিক্ষোভ মিছিল করে। গত ১৮ জানুয়ারি মহিবুল্যাহ মিয়ার সমর্থকেরা বিরোধী পক্ষের বিক্ষোভ মিছিলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পাঁচজন আহত হয়। এ ঘটনায় আহত কবির হোসেন বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।বুধবার ওই মামলার আসামিরা আদালত থেকে জামিন পান। এরপর তাঁরাসহ শতাধিক নেতা-কর্মী ভোলা থেকে তজুমদ্দিন সদরে এসে বিক্ষোভ করেন এবং মোস্তাফিজুর রহমানের বাড়িতে হামলা চালান। এর পাল্টা জবাব দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টা পাল্টাপাল্টি ধাওয়ায় মহিবুল্যাহ মিয়ার পক্ষের ভুট্টু, শাহজাহান, খোকন, দেলোয়ার হোসেন, কবীরসহ ১১ জন এবং মোস্তাফিজুর রহমান পক্ষের আবু তাহের, খোকন, রফিজল, সুলতান আহমেদ, আবদুল মালেক, জসিম উদ্দিনসহ নয়জন আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় ও তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। মহিবুল্যাহ মিয়া জানান, মোস্তাফিজুর রহমানকে যখন আহ্বায়ক করা হয়, তখন তিনি সাড়ে তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। এ জন্য গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে বাদ দিয়ে আবার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।মোস্তাফিজুর রহমান বলেন, ‘দলীয় নীতিমালা অনুয়ায়ী ওয়ার্ড-ইউনিয়নে বসেই ওয়ার্ড-ইউনিয়ন কমিটি গঠন করা হবে। এরপর উপজেলা কমিটি গঠন করতে হবে। সেই নিয়মের তোয়াক্কা না করে ঢাকা বসে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আমরা মানি না, তাই বিক্ষোভ করছি। আর এ জন্যই বারবার বর্তমান অগণতান্ত্রিক, ঘরোয়া ও অগঠনতান্ত্রিক আহ্বায়ক কমিটি আমাদের ওপর হামলা করছে।’তজুমদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, মহিবুল্যাহ মিয়ার পক্ষের কর্মীরা পুলিশের অনুমতি ছাড়াই বিক্ষোভ করেছে। উল্টো মোস্তাফিজুর রহমানের বাড়িতে হামলা করেছে। এ জন্য দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।