তজুমদ্দিনে বিএনপির ২৮ নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার দুই ইউনিয়ন বিএনপির কমিটি থেকে ২৮ নেতা পদত্যাগ করেছেন। গত সোমবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাঁরা এ তথ্য জানান। বিএনপির নেতারা আরও জানান, দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহম্মদ অগণতান্ত্রিক উপায়ে কমিটি করায় তাঁরা দল থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগকারী নেতারা হলেন—চাঁদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. অয়াজিউল্যাহ, জহুরুল ইসলাম, মো. আমিরুল ইসলাম, কাজী ছালামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উত্তর সম্ভুপুর বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, ফারুক শিকদার, সফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মজনু মিয়াসহ ২৮ জন। নেতারা লিখিত বক্তব্যে বলেন, দেশে জরুরি অবস্থা চলাকালে মেজর (অব.) হাফিজ মূল বিএনপি থেকে ডিগবাজি দিয়ে নিজে সংস্কারবাদী বিএনপির মহাসচিব হন। তখন তজুমদ্দিনের এসব ত্যাগী নেতা-কর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে দখল করার নির্দেশ দেন। কিন্তু তাঁরা হাফিজের কথামতো ঢাকায় না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি অযোগ্য এবং তাঁর আত্মীয়স্বজনকে স্থানীয় বিএনপির নতুন কমিটিতে বিভিন্ন পদে বসাচ্ছেন। এসব কর্মকাণ্ডের বিরোধিতা করে উপজেলা বিএনপির শীর্ষপর্যায়ের নেতাদের মধ্যে দুটি ইউনিয়ন কমিটির ৩৫ জনের মধ্যে ২৮ জনই পদত্যাগ করেন। তাঁরা পৃথক কমিটি করবেন বলেও ঘোষণা দেন।