বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়ার প্রস্তাবের বিষয়ে বিচার-বিবেচনার পাশাপাশি সবার মতামত নিতে হবে। তাড়াহুড়া করে সংবিধান সংশোধন করা হলে তা অসাংবিধানিক হতে পারে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘স্বাধীন বিচার বিভাগ, বিচারক নিয়োগপদ্ধতি, বিচারকদের দায়বদ্ধতা ও অভিশংসন’ শীর্ষক আলোচনা সভায় আইনজীবীরা এ আহ্বান জানান। একই সঙ্গে সব আইনজীবীকেও এ মতের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন রাজনৈতিক মতভেদ ভুলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে আটজন আইনজীবীর নাম প্রস্তাব করেন। তবে সভা শেষে আইনজীবী এম আমীর-উল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রস্তাবিত ওই সংঘে তাঁদের নাম বলা হলেও এর সঙ্গে তাঁরা থাকছেন না।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মইনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, শাহদীন মালিক, মাহবুবউদ্দিন খোকন বক্তব্য দেন।
ড. কামাল হোসেন বলেন, ‘সংবিধান যেখানে থাকে, সেখানে সব সময় আমি সংখ্যাগরিষ্ঠ বললে চলে না। সংখ্যাগরিষ্ঠ অসাংবিধানিকও হতে পারে।’ তিনি বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদের অপব্যাখ্যা করা হচ্ছে। এ দলিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ স্বাক্ষর করেছিলেন। সংসদে যে বিল তোলা হয়েছে, তার প্রস্তাবনায় ভুল আছে। কে ড্রাফট (খসড়া) করেছে, তদন্ত হওয়া উচিত। তড়িঘড়ি করে এটা পাস করা হলে সংবিধান, জনগণ ও তাঁদের প্রতি অশ্রদ্ধা হবে। তিনি বলেন, তিন থেকে সাত দিনের মধ্যে কেন করতে হবে? আলোচনা, বিচার-বিবেচনা করে সংবিধান সংশোধন করতে হবে।
জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, বিশেষ প্রেক্ষাপটে ৭২ সংবিধানে সংসদকে বিচারপতি অপসারণের ক্ষমতা দেওয়া হয়েছিল। তখন সংসদ ছাড়া আমাদের সামনে কোনো প্রতিষ্ঠান ছিল না। তিনি বিচারপতি নিয়োগ ও অপসারণের ব্যাপারে একটি চার্টার তৈরির জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আসুন ঐক্যবদ্ধ প্রতিরোধ করি।’ ড. কামাল হোসেনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে সর্বদলীয় প্ল্যাটফর্ম করুন।’
রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘শুনেছি, বিচারপতি এ বি এম খায়রুল হকের পরামর্শেই সংবিধানে এ সংশোধনী আনা হচ্ছে। তিনি ৭ অনুচ্ছেদের জবাবদিহির কথা বলেছেন। তিনি যখন পঞ্চম সংশোধনী মামলার রায় দেন, তখনো ৭ অনুচ্ছেদ ছিল। তাহলে কেন তখন ৯৬ অনুচ্ছেদ বহাল রাখলেন?’
রোকনউদ্দিন মাহমুদ আরও বলেন, এখন কি বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করছেন? রাজনৈতিক দলের উদ্দেশ্য হাসিলের জন্য সংবিধানে সংশোধনী আনা হলে তা হবে দুঃখজনক।
নাম প্রস্তাব ও নাকচ: সভাপতির বক্তব্য শেষ হওয়ার আগে খন্দকার মাহবুব হোসেন নাম প্রস্তাব করেন। ঘোষণা অনুসারে ড. কামাল হোসেন আহ্বায়ক। এম আমীর-উল ইসলাম, মইনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন, রোকনউদ্দিন মাহমুদ ও শাহদীন মালিক যুগ্ম আহ্বায়ক। মাহবুবউদ্দিন খোকন সদস্যসচিব ও সুব্রত চৌধুরী সহসদস্যসচিব।
তবে রাতে মুঠোফোনে এম আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওটা মতবিনিময় সভা ছিল। কমিটি গঠনের কোনো এজেন্ডা ছিল না। হঠাৎ করে নাম ঘোষণায় বিব্রত বোধ করেছি। কমিটিতে থাকছি না। সমিতির সাবেক সভাপতিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’
আর রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘আমার সঙ্গে আলোচনা না করেই, মতামত না নিয়েই আমার নাম ঘোষণা করা হয়েছে। এটা ঠিক হয়নি। কমিটির সঙ্গে থাকছি না বলে তাৎক্ষণিক তাঁকে (খন্দকার মাহবুব হোসেন) জানিয়ে দিয়েছি।’