তত্ত্বাবধায়ক এলে আবার কারাগারে যেতে হতে পারে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এলে আবার কারাগারে যেতে হতে পারে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, একমাত্র রাজনৈতিক সরকারই দেশের যেকোনো রাজনৈতিক সংকট সমাধান করতে পারে।

আওয়ামী লীগের সভানেত্রী বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার অধীনে দেশের প্রতিটি সাফল্য অর্জিত হয়েছে।

বিরোধীদলীয় নেতার উদ্দেশে তিনি বলেন, ‘বেগম জিয়া কীভাবে বিশ্বাস করলেন, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার তাঁকে আবার কারাগারে পাঠাবে না?’ তিনি আরও বলেন, সামরিক বাহিনী-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যদি আবার ক্ষমতায় আসে, তাহলে তারা তাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করবে।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের নানা কর্মকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা সমাজের কোনো অংশকে তাদের নির্যাতন ও ভীতি প্রদর্শন থেকে রেহাই দেয়নি।

বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক বক্তব্য ও হেফাজতের দেশব্যাপী ধ্বংসাত্মক বিক্ষোভের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বেগম জিয়া হেফাজতে ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চেয়েছিলেন। তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বহু নিরীহ মানুষ নিহত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ২০০৪ সালের ২১ আগস্ট তাঁর ওপর গ্রেনেড হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বেগম জিয়া তাঁকে হত্যা করে ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা চালিয়েছিলেন। তিনি বলেন, বিএনপি সব সময়ই লাশের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করে।

প্রধানমন্ত্রী বলেন, পরবর্তী নির্বাচনের উপায় খুঁজে বের করতে তাঁর সরকার সংলাপের আহ্বান জানিয়েছে; কিন্তু বিরোধীদলীয় নেতা তার জবাব দিয়েছে ৪৮ ঘণ্টার আলটিমেটামের মাধ্যমে।

প্রধানমন্ত্রী বর্তমান সরকারের আমলে তাঁদের এলাকায় বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার নির্দেশ দিয়েছেন দলীয় নেতাদের। দলের কেন্দ্রীয় নেতা, নেত্রকোনার সংসদ সদস্য, উপজেলা, থানা, ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার সংস্থাগুলোর নির্বাচিত প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘মহাসেন’ থেকে রক্ষা পাওয়ায় প্রার্থনা করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মহাসেন’ ঘূর্ণিঝড় থেকে জানমাল রক্ষা পাওয়ায় সর্বশক্তিমান আল্লাহর শোকরিয়া আদায়ের জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ত্রিমাত্রিক ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশের মানুষকে রক্ষায় রহমতের জন্য আল্লাহর শোকরিয়া আদায় করেছেন প্রধানমন্ত্রী। আগামীকাল জুমার নামাজে দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ভারত মহাসাগরে সৃষ্ট ‘মহাসেন’ তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বিকেলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পার হয়। তবে এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়েছে।