তত্ত্বাবধায়ক এলে দুই নেত্রীকেই জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার এলে দুই নেত্রীকেই জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক কইরেন না। ওটা করে আপনার লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার এলে আপনাকেও জেলে যেতে হবে। আমাকেও জেলে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকার এলে নির্বাচন হবে না। রোজ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করবে।’
আজ শুক্রবার আওয়ামী লীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় একই ধরনের কথা সংসদে এবং সংসদের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছেন।
প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতার উদ্দেশে আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচনে জিততে পারেন। এখন নির্বাচনে জিততে পারছেন। আবার তত্ত্বাবধায়ক কেন?’ প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট নির্বাচন করবে এবং জনগণ জানে সময়মতো কাকে ভোট দিতে হবে। আগামী নির্বাচনে জয়ী হয়ে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব।’ ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী, কিবরিয়া ও আহসানউল্লাহ মাস্টারকে হত্যাকারী, দেশব্যাপী বোমা হামলাকারী এবং মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িতরা যাতে ক্ষমতায় না আসতে পারে, জনগণের প্রতি সেই আহ্বান জানান শেখ হাসিনা।
খালেদা সিঙ্গাপুর গেলেই ষড়যন্ত্র করে আসেন
বিরোধীদলীয় নেতার সিঙ্গাপুর সফর সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘এর আগে বিরোধীদলীয় নেতা সিঙ্গাপুর থেকে আসার পর শাপলা চত্বরে বসে যাওয়ার কথা বললেন এবং বায়তুল মোকাররম ও কোরআন শরিফে আগুন দেওয়া হয়। তিনি (খালেদা) সেখানে যান আর ষড়যন্ত্র করে আসেন। এবার সেখান থেকে ফিরে দেশের জন্য ও মানুষের জন্য কোন ষড়যন্ত্র করেন, সেটাই দেখার বিষয়। জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
বিরোধীদলীয় নেতার ইশারায় কোরআন পোড়ানো ও মসজিদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, উল্লেখ করে এর জন্য জনগণের কাছে বিচার চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে এত কোরআন শরিফ পোড়েনি। তিনি কেন কোরআন পোড়ালেন। এর জবাব বিরোধীদলীয় নেত্রীকে একদিন দিতে হবে।’
আমাদের সবার জন্ম এ মাটিতে
ফরিদপুরে এক ইমাম প্রধানমন্ত্রীর দাদিকে নিয়ে লিফলেট ছেড়ে অপপ্রচার চালাচ্ছেন উল্লেখ করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘আমার জন্ম এবং আমার বাপ-দাদা, দাদি সবার জন্ম এ মাটিতে। ১৮৫৪ সালের দালানকোঠা আমাদের বাড়িতে রয়েছে, আসলে তাঁরা ভুলে গেছেন। যার কথা বলতে চেয়েছিলেন, তা ভুলে গেছেন।’ বিরোধীদলীয় নেতার বাবার পরিচয় নিয়ে পুনরায় প্রশ্ন তোলেন শেখ হাসিনা। একই সঙ্গে আস্তিক-নাস্তিক প্রসঙ্গেও বিরোধীদলীয় নেতার সমালোচনা করেন।
সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চলছে, উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ব্লগ কয়টা মানুষ পড়ে? কেউ কিছু লিখলে সরকার ব্যবস্থা নিচ্ছে। তার পরও কোনো পত্রিকা হুবহু ছাপিয়ে দিলে সেটাও তো অপরাধ, পাপ। মক্কা শরিফ নিয়েও পত্রিকায় মশকরা করা হয়েছে। এ ধরনের অপপ্রচার যারা করে, তারা কীভাবে ধর্ম বিশ্বাস করে।
কে ‘নাস্তিক’ বিচার করবেন আল্লাহ
আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি চার কলেমা পড়ার পর নাস্তিক বলার আপনি কে? মানুষ হয়ে কীভাবে বিচার করেন? বিচার করবেন আল্লাহ।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, সাংসদ সিমিন হোসেন রিমি প্রমুখ।