তত্ত্বাবধায়ক এলে নড়ানো যাবে না, নির্বাচন দেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এলে আর নড়ানো যাবে না। তারা নির্বাচন দেবে না। তিনি বলেন, মাইনাস টু ফর্মুলা যাঁরা করেছিলেন, তাঁরা এখনো আছেন। তাঁরা তত্পর। তাঁরা সুযোগের অপেক্ষায় বসে আছেন।
আজ বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ১/১১-এর সময়ে তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ করার জন্য তাঁকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সে সময় তিনিই শুধু প্রতিবাদ করেছিলেন। বিরোধী দলের নেত্রী করেননি।

বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন শেখ হাসিনা। একপর্যায়ে তিনি আবার ক্ষমতায় এলে আওয়ামী লীগ কী করবে, সে কথাও বলেন।

লাশের ভোজবাজি কোন রাজনীতি?

প্রধানমন্ত্রী নাম প্রকাশ না করে বিএনপির এক সাংসদের বক্তব্য উল্লেখ করে বলেন, বলা হচ্ছে ৫ মে রাতে নাকি এক লাখ ২০ হাজার গুলিবর্ষণ করা হয়েছে। তিনি বলেন, একটা জায়গায় অত গুলি ফুটানো হলে প্রতিটি ভবনের গায়ে গুলি লাগবে। গুলির দাগ থাকবে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘যাঁরা এসব অসত্য তথ্য দিচ্ছেন তাঁরা কোন ধরনের ইসলাম পালন করছেন?’ হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে অসত্য তথ্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সেদিন কোনো গোলাগুলি হয়নি। মাদ্রাসা থেকে আসা বাচ্চা বাচ্চা ছেলেদের বাসে, লঞ্চে তুলে দেওয়া হয়েছে। প্রত্যেক মাদ্রাসায় খবর নেওয়া হয়েছে। সেখানে কোনো নিখোঁজ তালিকা নেই।’

শেখ হাসিনা বলেন, রুয়ান্ডার ভূমিকম্পে মারা যাওয়া মানুষের ছবি, ১৯৭৯ সালে জোনস টাউনের ঘটনার লাশের ছবি দেখানো হয়েছে। ‘লাশের ভোজবাজির রাজনীতি কোন ধরনের রাজনীতি’ বলে আবারও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ওই দিন (৫ মে) পুরানা পল্টনে ও বায়তুল মোকাররমে জামায়াত-শিবির পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছে। আর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে। সাভারে রানা প্লাজা ধসের ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে সাহায্য করা হচ্ছে।

ক্ষমতায় থাকলে ভারতপ্রীতি বাইরে গেলে বিরোধী
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, গঙ্গার পানি ভারতের কাছ থেকে আদায় করলে আওয়ামী লীগই করতে পারবে। তিনি বলেন, ক্ষমতায় থাকতে বিরোধী দলের নেতা ভারতে গিয়েছিলেন। সেখানে তিনি গঙ্গার পানির কথা বলতে ভুলে গেছেন। তিনি বলেন, তাঁরা যখন ক্ষমতায় থাকেন তখন ভারতপ্রীতি আর যখন বাইরে থাকেন তখন ভারতবিরোধী। এটা ওনাদের চরিত্র।

টিপাইমুখ নিয়ে কেউ টুঁ শব্দ করেননি

টিপাইমুখ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা ক্ষমতায় ছিলেন এটা নিয়ে কেউ টুঁ শব্দ করেননি। তিনি বলেন, প্রথম প্রতিবাদ করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, টিপাইমুখ নিয়ে দুই দেশ থেকে যৌথ কমিটি করা হয়েছে। তাঁরা সব তথ্য দিচ্ছে। দুই দেশই টিপাইমুখের ব্যাপারে জানতে পারছে।

ফেনীবাসীকে ভোট দেওয়ার আহ্বান

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে সমুদ্রসীমায় ভারতের সঙ্গে আমাদের জয় হবে।’ ফেনীর জন্য ভারতের কাছ থেকে অতিরিক্ত জমি আনা হয়েছে বলে জানান শেখ হাসিনা। এ জন্য তিনি ফেনীবাসীর কাছে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান।

কামাল হোসেনের জামাতা ইহুদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে সংসদে দেওয়া বিরোধী দলের বক্তব্য উল্লেখ করে বলেন, খামাখা তাঁর ছেলের বউকে ইহুদি বলা হলো। তিনি বলেন, তাঁর ছেলের বউ ইহুদি নন খ্রিষ্টান। প্রধানমন্ত্রী এ সময় একটু হেসে বলেন, বোধ হয় এখানে ভুল হয়েছে। ইহুদি তাঁর ছেলের বউ নন, কামাল হোসেনের জামাতা।