গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারের দুর্নীতি-জুলুম-অত্যাচার-নির্যাতনের জবাব জনগণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যালটের মাধ্যমে দিয়েছে। ভবিষ্যতেও জনগণ একইভাবে সরকারকে প্রত্যাখ্যান করবে।
বর্তমান সরকারের অধীনে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে—ক্ষমতাসীনদের এমন বক্তব্য নাকচ করে দিয়ে খালেদা জিয়া বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে সরকার-সমর্থিত প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতো। তাই টালবাহানা বাদ দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের চিন্তাভাবনা শুরু করুন। লেভেল প্লেয়িং ফিল্ড হোক। সমানে সমানে খেলা হলে দেখা যাবে জনগণ কাদের ভোট দেয়।’
গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শুভেচ্ছা বিনিময় করতে এলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে সিলেটের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকজন কাউন্সিলর খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব বরকত উল্লা, নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদীর, সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির সায়েফ আহমেদ, সিলেট বিভাগ ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বলেন, ‘সিলেটের পুণ্যভূমি থেকে শুরু হওয়া আমাদের জয়যাত্রা আশা করি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ সিটি নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের অনেকে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ায় তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নির্বাচন কমিশন সিটি নির্বাচনগুলোতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘গাজীপুর নির্বাচনে তাদের নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার সুযোগ রয়েছে। তাই আমি আশা করব, গাজীপুর সিটি নির্বাচনে অবিলম্বে সেনাবাহিনী মোতায়েন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।’