‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মানুষকে হাইকোর্ট দেখানো হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার তুলে দিতে হবে—এ কথা সুপ্রিম কোর্টের রায়ের কোথায় বলা হয়েছে, তা সরকারকে বলতে হবে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর দক্ষিণ কমলাপুরে গণফোরামের এক মতবিনিময় সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন।
গণফোরামের সভাপতি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ে অন্তত আরও দুটি নির্বাচন করার মত দেওয়া হয়েছে। কেবল জজ সাহেবদের নিয়ে যেন টানাটানি না হয়, সে জন্য তাঁদের বাদ দিতে বলা হয়েছে। যিনি রায় দিয়েছেন, তিনি এখনো বেঁচে আছেন। আমরাও মনে করি, জজ সাহেবদের নিয়ে টানাটানি না করলেই ভালো। ৯০ দিনের মধ্যে নির্বাচন করেন, এটা নিয়েও কোনো বিতর্ক নেই।’
ড. কামাল আরও বলেন, ‘মানুষকে সংবিধান দেখানো হচ্ছে, হাইকোর্ট দেখানো হচ্ছে। আর বলা হচ্ছে, আমরা নাকি জেনে-শুনে ভুল ব্যাখ্যা করছি। অথচ বিস্তারিত রায়ের অপেক্ষা না করেই সরকার তড়িগড়ি করে পঞ্চদশ সংশোধনী এনে খামোখা একটা বিতর্ক সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘আমরা যাঁদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি, তাঁরা সব বোঝেন, আমরা কিছুই বুঝি না। আমরা মূর্খ, বোকা।’
সরকারকে উদ্দেশ করে জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর আইডিয়াটা কোথায় পেলেন, কারা বুদ্ধি দিয়েছে, তাদের নাম প্রকাশ করুন। আমরা তাদের দেখতে চাই। আওয়ামী লীগের ১৫ সদস্যের সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকার অপরিবর্তিত রাখার ব্যাপারে একমত হয়েছে। সরকারের অ্যাটর্নি জেনারেল, আইনজীবীরা এর পক্ষে বলেছেন। তাহলে এটা তুলে দেওয়ার কথা এল কোত্থেকে?’
ড. কামাল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ’৯৬ সালেও অন্য দেশে ছিল না। জনগণের স্বার্থে সংবিধানে না থাকলেও তা করতে হবে। অন্য দেশে নেই, এটা বলে পার পাওয়া যাবে না।
গণফোরামের দক্ষিণ কমলাপুর শাখার সভাপতি শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।