তত্ত্বাবধায়ক নিয়ে হাইকোর্ট দেখানো হচ্ছে: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন
বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মানুষকে ‘হাইকোর্ট’ দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার তুলে দিতে হবে, সুপ্রিম কোর্টের রায়ের কোথায় বলা হয়েছে, তা সরকারকে বলতে হবে।’
রাজধানীর দক্ষিণ কমলাপুরে আজ সোমবার বিকেলে গণফোরামের এক মতবিনিময় সভায় ড. কামাল এসব কথা বলেন।
গণফোরামের সভাপতি বলেন, ‘রায়ে অন্তত আরও দুটি নির্বাচন করার মত দেওয়া হয়েছে। কেবল জজ সাহেবদের নিয়ে যেন টানাটানি না হয়, সেজন্য তাঁদের বাদ দিতে বলা হয়েছে। যিনি রায় দিয়েছেন, তিনি এখনো বেঁচে আছেন। আমরাও মনে করি, জজ সাহেবদের নিয়ে টানাটানি না করলেই ভালো। ৯০ দিনের মধ্যে নির্বাচন করেন, এটা নিয়েও কোনো বিতর্ক নেই।’
ড. কামাল হোসেন বলেন, ‘মানুষকে সংবিধান দেখানো হচ্ছে, হাইকোর্ট দেখানো হচ্ছে। আর বলা হচ্ছে, আমরা নাকি জেনেশুনে ভুল ব্যাখ্যা করছি। অথচ, বিস্তারিত রায়ের অপেক্ষা না করেই সরকার তড়িঘড়ি করে পঞ্চদশ সংশোধনী এনে খামোখা একটা বিতর্ক সৃষ্টি করেছে।’
সরকারকে উদ্দেশ করে কামাল হোসেন বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর আইডিয়াটা কোথায় পেলেন, কারা বুদ্ধি দিয়েছে, তাদের নাম প্রকাশ করুন। আমরা তাদের দেখতে চাই। আওয়ামী লীগের ১৫ সদস্যের সংসদীয় কমিটি তত্ত্বাবধায়ক সরকার অপরিবর্তিত রাখার ব্যাপারে একমত হয়েছে। সরকারের অ্যাটর্নি জেনারেল, আইনজীবীরা এর পক্ষে বলেছেন। তাহলে এটা তুলে দেওয়ার কথা এল কোত্থেকে।’
ড. কামাল বলেন, ‘আমরা যাঁদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি, তারা সব বোঝেন, আমরা কিছুই বুঝি না। আমরা মূর্খ, বোকা। এককালে আইন পড়েছি, এখন সব ভুলে গেছি। আমাদের কথার কোনো দাম নেই। তাদের বকাবকি শুনতে হবে। কিন্তু সরকারের আইনমন্ত্রী আছেন। পাল্টা ব্যাখ্যা থাকলে আমাদের মতো মূর্খদের তিনি ব্যাখ্যা করে বোঝান।’
ড. কামাল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ইয়াজউদ্দিন আহম্মদকে কেউ এক মুহূর্তের জন্য মানেনি। কিন্তু তত্ত্বাবধায়ক নিয়ে কেউ টুঁ-শব্দটিও করেনি। তত্ত্বাবধায়ক তুলে দেব, নির্বাচনের আগে তারাও এ কথা বলেনি। তাহলে খামোখা কেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে? জাতিকে অহেতুক বিপদের দিকে ঠেলে দেওয়া কী সরকারের উচিত হচ্ছে?’
গণফোরামের দক্ষিণ কমলাপুর শাখার সভাপতি শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ।