তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, তাঁদের দলের এখন মূল লক্ষ্যই হচ্ছে ‘গায়ের জোরে’ বাতিল করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আবারও সংবিধানে পুনঃপ্রতিষ্ঠা করা। এ জন্য তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মী এবং দেশবাসীকে আন্দোলন-সংগ্রামে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান। সাবেক এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আজ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে। দেশবিরোধী নানা চুক্তি ও কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চলেছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিদ্যুৎ-গ্যাস-পানি নিয়ে হাহাকার চারদিকে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশজুড়ে চলছে গণহত্যা, গুম, গুপ্তহত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নিপীড়ন ও নির্যাতনের মহোৎসব। বিচার বিভাগের স্বাধীনতা ভূলুণ্ঠিত করা হয়েছে। প্রশাসন আজ্ঞাবহ হওয়ার কারণেই স্থবির হয়ে পড়েছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়া বলেন, ১৯৭৮ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালী একদলীয় শাসন অবসান হওয়ার পর দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা পূরণ করতে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিএনপি গত ৩৫ বছরে বারবার জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে। নয় বছরের স্বৈরাচারবিরোধী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বিএনপি ১৯৯১ সালে ক্ষমতায় থাকাকালে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। কর্মসূচি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ভোরে সারা দেশে বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার করবে পুষ্পস্তবক দেবেন খালেদা জিয়া। এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করা হবে।