তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠার আন্দোলনের জন্য প্রস্তুত হন: তারেক
এখন নির্বাচনের জন্য প্রস্তুতি না নিয়ে বরং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত হতে বলেছেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ২৪ জুলাই রাতে লন্ডনের একটি পাঁচতারকা হোটেলে বিএনপির যুক্তরাজ্য শাখা আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বাংলাদেশের বিরোধীদলীয় নেত্রীর ছেলে তারেক রহমান এই আহ্বান জানান। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রায় পাঁচ বছরের প্রবাসজীবনে প্রকাশ্য রাজনৈতিক সমাবেশে এটি তাঁর দ্বিতীয় বক্তৃতা।
ইফতার অনুষ্ঠানের নামে আয়োজিত এ দলীয় সমাবেশে বক্তৃতায় তারেক রহমান কার্যত আগামী নির্বাচনের জন্য বিএনপির দলীয় ইশতেহার বা মেনিফেস্টোর একটি প্রাথমিক রূপরেখা তুলে ধরেছেন। তিনি কৃষি, শিল্প, শিক্ষা, প্রযুক্তি, রপ্তানিমুখী অর্থনৈতিক নীতিমালা, পর্যটনসহ যত বিষয়ে কথা বলেছেন, প্রতিটি বিষয়েই পাঁচ বছরে কী পরিবর্তন বা কতটা উন্নয়ন সম্ভব, সেই চিত্র তুলে ধরেছেন। তিনি এসব বিষয়ে প্রবাসের নেতা-কর্মীদের সঙ্গে ঈদের পর আবারও মতবিনিময় করবেন বলে জানিয়েছেন।
তারেক রহমান দাবি করেন, তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দেশে বেকারের সংখ্যা বর্তমান তিন কোটি থেকে এক কোটির নিচে নামিয়ে আনা সম্ভব হবে। তিনি কৃষি খাতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ভর্তুকিসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে কৃষিকে রপ্তানিমুখী শিল্পের সঙ্গে সম্পৃক্ত করা ও কৃষিবান্ধব মূল্যে নির্ধারণ কমিশন গঠনের কথা বলেন। একই সঙ্গে তিনি শিক্ষার আমূল সংস্কার করে শিক্ষাকে কর্মমুখী করা, ইংরেজির পাশাপাশি তৃতীয় ও চতুর্থ কোনো বিদেশি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা, প্রযুক্তি খাতে দেশে কয়েকটি আইটি পার্ক প্রতিষ্ঠা, রপ্তানিমুখী নতুন নতুন শিল্প প্রতিষ্ঠা ও পোশাকশিল্পের জন্য আলাদা মন্ত্রণালয়ের ওপর গুরুত্বারোপ করেন।
তারেক রহমান বলেন, তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি ও কাজের ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারলে আগামী পাঁচ বছরে এই খাতের রপ্তানি আয় দুই হাজার ২০০ কোটি ডলার থেকে বাড়িয়ে সাড়ে চার হাজার কোটি ডলারে নিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি রাজধানী ঢাকার আশপাশে মিলিয়ে প্রায় দুই কোটি বাসিন্দার জন্য নগরায়ণ পরিকল্পনায় বিভিন্ন পরিবর্তনের কথা বলেন।
লন্ডন টাওয়ার হোটেলে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন মূল্যে আমন্ত্রণপত্র কিনতে হয়েছে বলে জানা গেছে। পেশাদার নিরাপত্তাকর্মীদের বেষ্টনীর মধ্যে তারেক রহমান মঞ্চে ওঠেন এবং ইফতারের পর সবার সঙ্গে কুশলবিনিময় করে আবার একইভাবে সভাস্থল ত্যাগ করেন। বক্তৃতার সময় তিনি অনেকটা দলীয় কর্মশালার আঙ্গিকে উপস্থিত নেতা-কর্মীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং বিভিন্ন টেবিল থেকে কয়েকজনের মতামত নেন। বুধবার লন্ডন সময় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সোয়া নয়টা পর্যন্ত এ অনুষ্ঠানের পুরোটিই ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হয়।