তত্ত্বাবধায়ক সরকার এখন ডেড ইস্যু: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল ইসলাম
কামরুল ইসলাম

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার এখন ডেড ইস্যু, এ বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে না। ভবিষ্যতে সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি বন্ধুরাও তত্ত্বাবধায়ক বিষয় নিয়ে পরামর্শ ও ফর্মুলা দিতে চাইছে। কিন্তু তাতে কাজ হবে না।’
আজ মঙ্গলবার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
হেফাজতে ইসলাম সম্পর্কে কামরুল ইসলাম জানান, প্রথমে তারা বলেছিল ৬ মে দুই হাজার ৫০০ লোক মারা গেছে, পরবর্তী সময়ে তারা বলছে ৬৩ জন মারা গেছে। হুজুররা মিথ্যাচার করে মেয়েদের ঘরে বসিয়ে রাখতে চান। যারা এ দেশকে আইয়ামে জাহিলিয়ার যুগে নিতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
কেরানীগঞ্জ উপজেলার কালিন্দি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অসহায় দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন, রিকশা, চেক বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিলারা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজা বেগম ও ইউসুফ আলী চৌধুরী প্রমুখ।