তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করেছে বিএনপি: দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপিই তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থাকে ধ্বংস করেছে। ২০০১ সালে তারা নিজেদের মতো তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ক্ষমতায় এসেছে। ওই নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ভোট দিলেও ফলাফল গেছে তাদের পক্ষে।
আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানেই পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পরে ২০০৬ সালের আজিজ মার্কা তত্ত্বাবধায়ক গঠন করেছিল। কিন্তু কোনো লাভ হয়নি। তাই এ ধরনের পাতানো সরকার ব্যবস্থায় আওয়ামী লীগ বিশ্বাসী নয়।’
দীপু মনি বলেন, বর্তমান সরকারের আমলে সিটি করপোরেশনসহ বিভিন্ন নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। এতে বিএনপির অধিকাংশ প্রার্থী জয়লাভ করেছেন। কিন্তু তার পরও বর্তমান নির্বাচন-ব্যবস্থাকে ধ্বংস করতে বিএনপি পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন তিনি ।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, ঢাকা-৬ আসনের সাংসদ মিজানুর রহমান খান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।