বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সরকারকে প্রস্তাব দিতে হবে। আমরা এ বিষয়ে সংসদে আলোচনা করব। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন। সংবিধানের আলোকে নির্বাচন বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে মওদুদ বলেন, ‘আপনি সংবিধান নয়, সংশোধিত সংবিধানের আলোকে নির্বাচন করতে চান। এ জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাদ দিয়েছেন। তবে আবার সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।’ বিরোধী দলের সংসদ বর্জনে আর্থিক ক্ষতির বিষয়ে টিআইবির প্রতিবেদনের বিষয়ে মওদুদ বলেন, ‘টিআইবির প্রতিবেদনকে আমি গুরুত্ব দিচ্ছি না।’ আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, ‘নারায়ণগঞ্জে টার্মিনাল নির্মাণের দরপত্র দিল্লিতে আহ্বান করা সরকারের অতিরিক্ত ভারত তোষণ ও নতজানু পররাষ্ট্রনীতির দৃষ্টান্ত।’