তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বদরুদ্দোজা চৌধুরী এ দাবি জানিয়ে বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দেশ থেকে রাজনৈতিক অস্থিরতা, অশান্তি ও বিশৃঙ্খলা দূর হয়ে যাবে এবং সব রাজনৈতিক দল নির্বাচনমুখী হবে।’
‘অসাংবিধানিক সরকার আনলে কারও লাভ হবে না, নির্বাচনই হবে না’ বলে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে যে বক্তব্য দেন, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এ ধরনের উক্তি গণতন্ত্রবিরোধী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো নির্বাচিত সরকার এবং সংসদ সংবিধান অনুযায়ী শুধু পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়, এর এক দিনও বেশি নয়। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে সংসদ না থাকলেও তিনি প্রধানমন্ত্রী থাকতে চান এবং তাঁর সরকারের অধীনে ছাড়া কিছুতেই নির্বাচন দেবেন না। প্রধানমন্ত্রী যদি সত্যিই তাঁর উক্তিতে অটল থাকেন, তাহলে এটা দেশের গণতন্ত্র এবং বিরোধীদলীয় আন্দোলনের ন্যায্য অধিকারের প্রতি একটি চ্যালেঞ্জ বলে গণ্য হবে। এর ফলাফল বর্তমান সরকার, বিরোধী দল এবং দেশের ভবিষ্যতের জন্য এক অশুভ ইঙ্গিত বহন করে। বিকল্পধারা বাংলাদেশ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করছে।

বিবৃতিতে বি. চৌধুরী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী নেহাত রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বক্তব্য না দিয়ে রাষ্ট্রনায়কোচিত বক্তব্য দেবেন।