তত্ত্বাবধায়কের অধীনে নয়, আদলে নির্বাচন হবে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন হবে অবশ্যই। তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের আদলে নির্বাচন হবে। সে নির্বাচনে তাঁর দল অংশ নেবে। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে এখন থেকেই কাজ করার জন্য আহ্বান জানান। মহাজোটে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘সময় হলেই তা জানতে পারবেন।’

আজ শনিবার তিন দিনের সফরে রংপুর নগরের দর্শনা মোড়ের ‘পল্লী নিবাস’ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন।

এরশাদ আরও বলেন, হেফাজতে ইসলাম কোনো সন্ত্রাসী দল নয়। তাদের শান্তিপূর্ণ সমাবেশে সরকার বাধা দিয়েছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশ এখন নাস্তিক আর আস্তিক দুভাগে বিভক্ত। তিনি বলেন, দেশ গন্তব্যহীনভাবে চলছে। দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। চলছে একের পর হরতাল, ভাঙচুর, অগ্নিসংযোগ আর লুটপাট। দেশের অর্থনীতি ধ্বংস হতে চলেছে।

জাতীয় পার্টির নেতা বলেন, দমন আর নিপীড়ন করে দেশের মানুষকে দমিয়ে রাখা যায় না। মানুষ এই সরকারকে ভোট দিয়েছিল দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। যাতে মানুষ দুবেলা দু-মুঠো খেয়ে-পরে শান্তিতে থাকতে পারে। কিন্তু এসবের কিছুই পায়নি। দেশে চলছে হত্যা, গুম, খুন চাঁদাবাজি।

এরশাদ বলেন, গণজাগরণ মঞ্চ শাহবাগে সড়ক অবরোধ করে তিন মাস কর্মসূচি পালন করে জনগণের যাতায়াতে সমস্যার সৃষ্টি করেছে। তাদের খাবার, অর্থ ও নিরাপত্তা দেওয়া হয়েছে। আর হেফাজতে ইসলাম মাত্র এক দিন শাপলা চত্বরে অবস্থান করায় রাতের আঁধারে তাদের ওপর হামলা করা হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনায় অনেক হতাহত হয়েছে। অথচ সরকার বলছে মাত্র ১১ জন নিহত হয়েছে। এ জন্য উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেন এরশাদ।

জাতীয় পার্টির নেতা আরও বলেন, এর আগে হেফাজতে ইসলামের ঢাকার কর্মসূচির দিন সরকার শুক্রবারেও হরতাল দিয়েছে। কিন্তু তার পরও হেঁটে হেঁটে দেশের বিভিন্ন জায়গা থেকে ৩০ লাখ হেফাজতি ঢাকায় গিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে।

সাভার ট্র্যাজেডি সম্পর্কে এরশাদ বলেন, দলীয় লোক হওয়ার কারণে সরকার রানা প্লাজার মালিক সোহেল রানাকে বাঁচানোর চেষ্টা করছে। এতগুলো মানুষের প্রাণহানির ঘটনায় তিনি দোষীদের শাস্তি দাবি করেন। এই প্রসঙ্গে এরশাদ বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় আহত নয়জন নারীর ভরণপোষণের দায়িত্ব তিনি নিয়েছেন। তাঁর মতো অন্যরাও যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে এসব অবহেলিত মানুষের কোনো সমস্যা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদেরী, জাতীয় পার্টির নেতা হাসানুজ্জামান নাজিম প্রমুখ।