তত্ত্বাবধায়কের দাবি আবারও প্রত্যাখ্যান প্রধানমন্ত্রীর
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের ব্যাপারে বিরোধী দলের দাবি আবারও প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের যেকোনো রাজনৈতিক সংকট একমাত্র রাজনৈতিক সরকারই সমাধান করতে পারে। অরাজনৈতিক সরকারের প্রতি যাঁদের গভীর আস্থা, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে তাঁদের আবারও কারাগারে যেতে হতে পারে। গতকাল বৃহস্পতিবার সকালে গণভবনে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পরবর্তী নির্বাচনের উপায় খুঁজে বের করতে তাঁর সরকার সংলাপের আহ্বান জানিয়েছে। কিন্তু বিরোধীদলীয় নেত্রী এর জবাব দিয়েছেন ৪৮ ঘণ্টার আলটিমেটামের মাধ্যমে। বললেন, আমি পালানোর পথ পাব না। এখন উনার পথ কোথায় গেল?’
বিরোধীদলীয় নেত্রীর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া হেফাজত ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চেয়েছিলেন। তাঁদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে বহু নিরীহ মানুষ নিহত হয়েছেন। এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড জনগণের আস্থা অর্জনে সহায়ক হবে না। জনগণ আমাদের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে এবং তারা বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের গৃহীত ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়েছে।’
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, সমাজের কোনো অংশই তাদের নির্যাতন ও ভীতি প্রদর্শন থেকে রেহাই পায়নি। খালেদা জিয়া কীভাবে বিশ্বাস করেন, পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার তাঁকে আবারও কারাগারে পাঠাবে না। তিনি বলেন, সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আবার ক্ষমতায় এলে তারা তাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করবে।
তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সুশীল সমাজের ব্যক্তিদের বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতার স্বাদ পেতে তাঁদের প্রচণ্ড আগ্রহ রয়েছে, তবে জনসমর্থন নিয়ে বিজয় লাভ করার কোনো ক্ষমতা তাঁদের নেই। তাঁরা জনগণের কাছে যেতে পারেন না। বাংলাদেশের জনগণ আর কখনো তাঁদের এবং অগণতান্ত্রিক ব্যবস্থাকে মেনে নেবে না।
মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় নেতা, নেত্রকোনার সাংসদ, উপজেলা, থানা, ইউনিয়ন ও পৌরসভার নেতারা উপস্থিত ছিলেন।