আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে দেশে গণতন্ত্র থাকবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, বৃহত্তর বিরোধীদলীয় ঐক্য গড়ে তুলে এই দাবি আদায় করা হবে।গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানের সিলভার টাওয়ারে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে যৌথ সংবাদ সম্মেলনে বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন।এর আগে বিকল্পধারা ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। এতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীসহ দুই দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশের প্রধানমন্ত্রী মাঝেমধ্যে বড় অগণতান্ত্রিক কথা বলে ফেলেন। এ দেশে একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন হতে হলে একটি সর্বজনগ্রাহ্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই তা হতে হবে। এ সময় তিনি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অপমান করা এবং তাঁর প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ভেঙে ফেলার সরকারি পদক্ষেপের কড়া সমালোচনা করেন।১৮ দলের সঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলনে অংশ নেবেন কি না, জানতে চাইলে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘এটা ভবিষ্যতে দেখা যাবে। নির্বাচন এসে গেলে সরকারকে ঠেকানোই আমাদের একমাত্র কাজ হয়ে দাঁড়াবে।’সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগ সরকারে থাকতে যে প্রক্রিয়ায় কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম হয়েছিল, সেই একই প্রক্রিয়ায় বিএনপি ক্ষমতায় থাকতে বিকল্পধারার জন্ম হয়। তাই এই দুই দলের জন্মের বেদনা প্রায় একই। আমরা উভয় দলই দেশে সুস্থধারার রাজনীতি চাই।’পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মহাজোট-সমর্থিত প্রার্থীর পরাজয় সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, ‘এ বিজয় মোটেও বিএনপির বিজয় নয়। এটা বর্তমান সরকার ও বর্তমান প্রধানমন্ত্রীর পরাজয়।’