বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিক্ষোভকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষক নির্যাতনের ঘটনার অধিকতর তদন্তের জন্য তিন সদস্যের একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এই উপকমিটি গঠন করা হয়।সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননকেই উপকমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মির্জা আজম ও বীরেন শিকদার। এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওই সময়কার বিক্ষোভের বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবিসহ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করবে এবং সাক্ষীদের সাক্ষ্য নিয়ে তারা বিষয়টি তদন্ত করবে।আগামী দুই মাসের মধ্যে এ সংক্রান্ত উপকমিটির তদন্ত প্রতিবেদন মূল সংসদীয় কমিটির মাধ্যমে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৭ সালের আগস্ট মাসে ওই ছাত্রবিক্ষোভ হয় এবং তাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে।সংসদীয় কমিটির গতকালের সভায় জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে ওই ঘটনায় ৬৬টি মামলা হয়েছিল। এর মধ্যে ৪৩টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। সাতটি আদালত খারিজ করে দেন। বাকি ১৬টি মামলা সরকার প্রত্যাহার করে নেয়।সভা শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, উপকমিটির প্রতিবেদনে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।সভায় এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ইনস্টিটিউট স্থাপনের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) এ ব্যাপারে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে। সভায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল-২০১০ চূড়ান্ত করা হয়।সভায় চলতি অর্থবছরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।