তত্ত্বাবধায়ক নিয়ে মহীউদ্দীন ও মওদুদের দুই মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সংবিধান অনুসারে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার সুযোগ নেই। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের মত হচ্ছে, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিকল্প আছে কী এবং সংলাপের সম্ভাবনা আছে কি না—দর্শকদের এমন প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর ও মওদুদ আহমদ এ মত প্রকাশ করেন।বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন কোন পদ্ধতিতে হবে—এ বিষয়ে গতকাল শনিবার রাতে লালবাগ কেল্লায় বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। প্যানেলে উপস্থিত আরও দুজন হলেন, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন খন্দকার। সংলাপ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, দুই দলের মধ্যে যে মতপার্থক্য আছে, সংলাপের মাধ্যমে তা কমানো যেতে পারে। আর সে সংলাপ হতে পারে সংসদে, মত দেন নাসরিন খন্দকার। নির্বাচন কমিশন কতটা শক্তিশালী—এমন প্রশ্নে মহীউদ্দীন খান আলমগীর বলেন, পৃথিবীর যেকোনো দেশের নির্বাচন কমিশনের চেয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন বেশি শক্তিশালী। এ বিষয়ে মওদুদ আহমদ বলেন, কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না।অনুষ্ঠানে আমন্ত্রিত দর্শকেরা নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন করেন ও নিজেদের মতামত দেন। সংলাপ সঞ্চালনা করেন বিবিসি বাংলার সাংবাদিক আকবর হোসেন। আয়োজকেরা জানান, এর আগে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ‘বিবিসি বাংলাদেশ সংলাপ’-এর ১৫০টির বেশি পর্ব প্রচারিত হয়েছিল।