তত্ত্বাবধায়ক নিয়ে সংলাপ হলে বিএনপি যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, সরকার সংলাপের উদ্যোগ নিলে বিএনপি অবশ্যই যাবে। তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আলোচ্যসূচিতে না থাকলে চেহারা দেখাতে বিএনপি ওই সংলাপে যাবে না।গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ১৯৯৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে সংলাপের উদ্যোগ নিয়েছিল। কাজেই এবারের সংলাপের উদ্যোগও আওয়ামী লীগকে নিতে হবে।সংলাপে যোগ দেওয়ার আগে বিএনপির কোনো শর্ত আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তরিকুল বলেন, সরকারকে অবশ্যই আলোচ্য বিষয় ঠিক করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। এ জন্য নিখোঁজ ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে হবে। কারাবন্দী ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাঁচজন স্থায়ী কমিটির সদস্যসহ ১৮ দলীয় জোটের শীর্ষনেতাদের মুক্তি দিতে হবে। আলোচনা হতে পারে, তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে নয়—প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের বিষয়ে তরিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আলোচনার পথ খোলা রাখতে না চাইলেও সরকারের কিছু মন্ত্রী ও ক্ষমতাসীন মহাজোটের শরিক নেতারা আলোচনার মাধ্যমে প্রয়োজনে সংবিধান সংশোধনের কথাও বলেছেন। প্রধানমন্ত্রীকে দেশের বাস্তবতা বুঝতে হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ অন্যান্য গণদাবি আলোচনার মাধ্যমে সমাধান করেই শুধু দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা সম্ভব। আর শক্তিশালী গণতন্ত্র এবং সরকার ও বিরোধী দলের মধ্যে কার্যকর সমঝোতাই হলো গণতন্ত্রের রক্ষাকবচ। সমঝোতায় না এলে দেশে যে অবস্থা সৃষ্টি হবে, তার দায় সরকারকেই নিতে হবে। এক-এগারোর নায়কেরা আবার তৎপর হয়েছে—প্রধানমন্ত্রীর এমন আশঙ্কার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে দেশে এখন এমন পরিস্থিতি বিরাজ করছে, যাতে অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের অবস্থা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি যে তার নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের জন্য সৃষ্টি হয়েছে, এটা তিনি নিশ্চয় বুঝেছেন।সাবেক এই তথ্যমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিশ্ব মানবাধিকার রিপোর্ট ২০১১, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন এবং ইকোনমিস্ট পত্রিকায় প্রকাশিত নিবন্ধে যেসব তথ্য ও মতামত এসেছে, তা এত দিন ধরে বিএনপি বলে আসছে। বিএনপি যে সত্য বলে, এটা তার প্রমাণ।নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লা, মো. শাহজাহান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।