তত্ত্বাবধায়ক নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকে খালেদা জিয়া বলেছেন, বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত আছে দলটি। গতকাল বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সফররত ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া কাছে প্রতিনিধি দলটি নির্বাচন প্রক্রিয়া নিয়ে জানতে চেয়েছেন। খালেদা জিয়া তাঁদের বলেছেন, বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এ জন্য সরকারের সঙ্গে আলোচনা করতেও তিনি প্রস্তুত। তিনি আশা করেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সরকার এগিয়ে আসবে।ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্যঁ ল্যাম্বার্ট। অলি আহাদকে দেখতে যান খালেদা: গতকাল রাত পৌণে নয়টায় ভাষা সৈনিক অলি আহাদকে দেখতে তাঁর এলিফ্যান্ট রোডের বাসায় যান খালেদা জিয়া। এ সময় তিনি অলি আহাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি অলি আহাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তাঁর দীর্ঘায়ু কামনা করেন।এরপর খালেদা জিয়া প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীকে দেখতে ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে গিয়াস কামাল চিকিৎসাধীন আছেন। খালেদা জিয়ার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ ছিলেন।