তত্ত্বাবধায়ক প্রশ্নে কোনো ফর্মুলা থাকলে সংসদে উপস্থাপন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেত্রী ক্ষমতায় থেকে হরতালের বিরুদ্ধে কথা বলেন, এখন হরতাল দিয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে তাঁদের কোনো প্রস্তাব বা ফর্মুলা থাকলে তাঁরা সংসদে এসে তা উপস্থাপন করতে পারতেন। গতকাল ১১ জুন তাঁর কারামুক্তি দিবস উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে আবারও কেউ ক্ষমতা দখল করুক জাতি তা আর দেখতে চায় না। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রস্তাব আমরা করিনি, দেশের সুপ্রিম কোর্ট একে অবৈধ ঘোষণা করেছেন।’ সুপ্রিম কোর্টের ঘোষিত অবৈধ কোনো বিষয় সংসদে বৈধ হওয়ার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘যে তত্ত্বাবধায়ক সরকার বিরোধীদলীয় নেত্রীকে জেল খাটাল, তাঁর ছেলেদের নির্যাতন করে বিদেশে যেতে বাধ্য করল, সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য তাঁর এত মায়া কেন?’ তিনি বলেন, পছন্দের লোককে রাষ্ট্রপতি, তত্ত্বাবধায়ক সরকারপ্রধান এবং নয়জনকে ডিঙিয়ে সামরিক প্রধান করেও খালেদা জিয়া রেহাই পাননি। তাঁকেও জেলে যেতে হয়েছে।শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল সকাল থেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা তাঁকে শুভেচ্ছা জানাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে সমবেত হন। প্রথমে তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে গণভবনের ব্যাংকোয়েট হলে দলের ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা সন্ত্রাস, দুর্নীতি আর জঙ্গিবাদ ছাড়া জাতিকে কিছুই দিতে পারেনি।