তত্ত্বাবধায়ক প্রশ্নে দুই দল মতৈক্যে পৌঁছাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিলে বাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করে বিএনপি। আর গণজাগরণ মঞ্চ সম্পর্কে খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে দলটি বলছে, শাহবাগের তরুণেরা সুযোগ করে দিয়েছে বলেই বিরোধীদলীয় নেতা এমন অবস্থান নিয়েছেন। বাংলা একাডেমী মিলনায়তনে বিবিসি বাংলা সার্ভিস ও বিবিসি মিডিয়া অ্যাকশনের যৌথ উদ্যোগে গতকাল শনিবার আয়োজিত এক সংলাপে বিরোধীদলীয় নেতার উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি একটি সেটেলড ইস্যু। সুপ্রিম কোর্ট বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতিকে নিয়োগ করা যাবে না। গ্রহণযোগ্য ব্যক্তিটি কে হবেন, সে নিয়ে আলোচনা হতে পারে। আমি পজিটিভ মানুষ। আশা করি, এ বিষয়ে দুই দল মতৈক্যে পৌঁছাতে পারবে।’ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আমরা সব সময় আলোচনায় বিশ্বাসী। তবে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে। বিএনপিতে টুকু ভাইয়ের মতো প্রগতিশীল নেতারা আছেন। তাঁরা ম্যাডাম খালেদা জিয়াকে একটু বোঝান, যাতে তিনি যেন অসৎ সঙ্গ ছাড়েন।’ অন্যদিকে মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, এক তরফা নির্বাচন হলে গণতন্ত্র টিকবে না। পরাশক্তি, অপশক্তির প্রভাবে আবার কোনো ১/১১ বা ২/২২ হলে আর স্থিতিশীলতা আসবে না। তিনি যেকোনো মূল্যে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়ার আহ্বান জানান। শাহবাগ প্রশ্নে বিতর্ক: বিবিসি বাংলার সঞ্চালক আকবর হোসেন অনুষ্ঠানের শুরুতেই গত শুক্রবার শাহবাগের মঞ্চ সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের বিষয়ে নির্ধারিত আলোচকেরা কী ভাবছেন, তা জানতে চান। একজন দর্শক আলোচকদের কাছে প্রশ্ন রাখেন, সরকার পদ্মা সেতু, হল-মার্ক কেলেঙ্কারির মতো ঘটনা আড়াল করতে এই মঞ্চের আয়োজন করেছে কি না। রাজনৈতিক বিশ্লেষক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিলারা চৌধুরী বলেন, বিরোধীদলীয় নেতা ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢালাওভাবে আওয়ামী লীগ ও শাহবাগের তরুণদের নাস্তিক বলে যেসব কথা বলেছেন, তা ভব্যতার পরিচয় রাখেনি।তবে দিলারা চৌধুরী বলেন, শাহবাগের তরুণেরাও যে আন্দোলন করছে, তাতে পুরো বিচার প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তারা বিচার বিভাগকে হেয় করছে। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তরুণেরা কোনো কিছু আড়াল করতে চাইছে না। তিনি স্লোগানকন্যা হিসেবে পরিচিতি পাওয়া লাকী আক্তারকে উদ্ধৃত করে বলেন, কেউ পদার্থবিদ্যা পরীক্ষার সময় অঙ্ক পরীক্ষা দেয় না। তরুণেরা একটি ইস্যুতে আন্দোলন করছে। চারদলীয় জোটের সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, পুলিশি পাহারায় সিসি ক্যামেরার মধ্যে যে জাগরণ, তার অন্য উদ্দেশ্য আছে। শোনা যাচ্ছে নির্বাচন পর্যন্ত এই মঞ্চ থাকবে।জাহাঙ্গীর কবির বলেন,‘শাহবাগে যারা যাচ্ছে তাদের খালেদা জিয়া নষ্ট তরুণ বলেছেন। কাকে উনি নষ্ট তরুণ বলছেন, যে বাবা তার সন্তানকে সঙ্গে করে শাহবাগে নিয়ে গেছে, তাকে?’