তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে মতৈক্য দরকার। তবে তার আগে সব রাজনৈতিক দলের ১০০ ভাগ সাংবিধানিক আনুগত্য থাকতে হবে। সংবিধান যে উপযুক্ত ফোরাম (জাতীয় সংসদ) নির্ধারণ করে দিয়েছে, সেখানে এসেই এ ব্যাপারে মতামত তুলে ধরতে হবে।রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত গতকাল শুক্রবারপঞ্চদশ সংশোধনী: আলোচনা-তর্ক-বিতর্ক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই অনুষ্ঠান হয়। এবিসি রেডিওর জ্যেষ্ঠ প্রতিবেদক আমিন আল রশিদের লেখা এই বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। অনুষ্ঠানের শুরুতে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।রেলমন্ত্রী বলেন, ‘আমি দেখেছি, উর্দি পরে সেনাপতি কীভাবে রাষ্ট্রপতি হয়ে যান। কীভাবে খোন্দকার মোশতাক, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়ে যান। সেই বীভৎস দিনগুলো আমরা কাটিয়েছি।’ কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের ইচ্ছার পেছনে রাজনৈতিক নেতৃত্বকে যেতে হবে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের বিচারক নিয়োগ সাংবিধানিক মতে আইন দ্বারা না হবে, ততক্ষণ পর্যন্ত বিচারব্যবস্থা আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে না। বার কাউন্সিল এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে পারে।আইনজ্ঞ শাহ্দীন মালিক বলেন, ‘ভারতে সংবিধানের পটভূমি নিয়ে মোটা মোটা বই আছে। কিন্তু আমাদের দেশে তা নেই। সংবিধানের পটভূমি নিয়ে যা কিছু লেখা হয়েছে, তা পত্রিকা ও পুস্তিকার মধ্যে সীমাবদ্ধ।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার চূড়ান্ত কোনো সমাধান নয়। তবে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে নির্বাচনও সমর্থনযোগ্য নয়। তাই অন্তত আগামী দুবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত।প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার এখনো সাংবিধানিক ভিত্তি রয়ে গেছে।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমীর উপপরিচালক মুরশীদ আনোয়ার।