তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক নয় বলে মত দিয়েছেন অ্যামিকাস কিউরি রোকনউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, এর চেয়ে ভালো কোনো পদ্ধতি না পাওয়া পর্যন্ত এই পদ্ধতিই থাকা উচিত।সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ এ অভিমত দেন। গতকাল রোববার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে অষ্টম দিনের মতো শুনানি হয়।রোকনউদ্দিন মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ী জনগণই সকল ক্ষমতার মালিক। জনগণের প্রতিনিধিরাই বৈধভাবে ত্রয়োদশ সংশোধনী পাস করেন। সুতরাং এখানে অগণতান্ত্রিক কিছু নেই। জনগণের প্রতিনিধিরাই ১৯৯৬ সালে ঠিক করেন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি। ফলে তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক বলার সুযোগ নেই। এটা বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে না। কারণ যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং তিনি কখনো আর ওই পদে ফিরে যান না।সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের প্রসঙ্গ টেনে রোকনউদ্দিন মাহমুদ বলেন, দায়িত্বরত বিচারপতি সরকার পরিচালনা করে যখন আবার তাঁর পদে ফিরে গেছেন, তখন তাঁর ভূমিকার কারণেই প্রশ্ন ওঠেনি। সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁকে নিয়ে বিতর্ক ওঠে। এ কারণে শেষ পর্যন্ত তিনি প্রধান উপদেষ্টা হননি। এতে বিচার বিভাগকে উচ্চে তুলে ধরা হয়েছে। রাজনৈতিক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন দল ব্যতীত অন্য কোনো দল ক্ষমতায় আসেনি। যারা ক্ষমতায় ছিল তারাই নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকালে শুনানিতে অ্যামিকাস কিউরি মাহমুদুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। অবসরপ্রাপ্ত বলে তাঁরা বিচার বিভাগে সম্পৃক্ত থাকেন না। ফলে ক্ষমতার পৃথক্করণ ও বিচার বিভাগের স্বাধীনতা বাধাগ্রস্ত হয় না। অপব্যবহারের কারণে কোনো আইন বাতিল হতে পারে না।