জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা পুনর্বহালের বিল আনলে বিএনপি জাতীয় সংসদে যাবে। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া ব্রিগেড নামের একটি সংগঠনের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।সাংবাদিক ও জাতীয় নেতাদের ওপর সরকারের নিপীড়নের প্রতিবাদে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।জয়নুল আবদিন বলেন, ‘রাষ্ট্রপতি ২০ অক্টোবর সংসদের অধিবেশন ডেকেছেন। আমরা টিভির টক শো ও গণমাধ্যমে তা জেনেছি। কিন্তু স্পিকার এখনো বিরোধী দলকে ডাকেননি। আমরা সংসদে যেতে প্রস্তুত আছি।’ তবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা পুনর্বহালের বিল উত্থাপন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করলে আগামী অধিবেশনে যাওয়ার কথা বিবেচনা করবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘যে সংসদকে মাছবাজার বলা হয়, যে সংসদে দুর্নীতির কথা বলা যায় না, টিপাইমুখ বাঁধ ও ফেলানীর লাশের কথা বলা যায় না, সেই অকার্যকর সংসদে বিএনপি যেতে পারে না।’ ‘চোর ডাকাতের বিচার করলেই খালেদা জিয়া পাগল হয়ে যান’—প্রধানমন্ত্রীর এ বক্তব্য উল্লেখ করে জয়নুল আবদিন বলেন, ‘আপনার আর খালেদা জিয়ার মুখের ভাষা এক নয়। মুখ বন্ধ করুন, না হয় আমরাও কথা বলতে পারি। চোরের বিচারের আগে ব্যাংক ডাকাতির বিচার করুন।’ তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে বিশ্বব্যাংকও আপনাদের দুর্নীতি প্রকাশ করেছে।’জিয়া ব্রিগেডের সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপিদলীয় সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী ও জিয়া ব্রিগেডের মহাসচিব আবুল হোসেন।